মোঃ রেজাউল করিম,ঈদগাঁও:
ককসবাজার উত্তর বন বিভাগের মাছুয়াখালী বনাঞ্চলের বন্য হাতির আক্রমণে কৃষক যুবক নিহত হয়েছে। ২৮ অক্টোবর গভীর রাতে হওর বন্যা এলাকায় জোত জমির ধান পাহারা দিতে গিয়ে যুবকটি হাতির আক্রমণে শিকার হন। হাতির উপস্থিতি টের পেয়ে অন্যজন পালিয়ে যেতে সক্ষম হন। নিহত মোহাম্মদ শহিদ উল্লাহ (১৭) ককসবাজার সদর উপজেলার ঈদগাঁও কালিরছড়া শিয়া পাড়ার বেলাল উদ্দিনের পুত্র। স্থানীয় মেম্বার সফর আলম জানান,নিহত শহিদ উল্লাহ তার এক সঙ্গী সহ ঘটনার দিন হওর বন্যাস্থ তাদের ধানক্ষেত পাহারা দিতে যায়। গভীর রাতে তাদের একজন টং ঘরে ঘুমিয়ে পড়ে। অন্যজন হাতি পাহারা দিচ্ছিল। ইতোমধ্যে পার্শ্ববর্তী সামাজিক বনায়নের বাগান থেকে এক দাঁত বিশিষ্ট একটি বড় হাতি ধান ক্ষেতের টং ঘরের দিকে এগিয়ে আসতে থাকে। তা দেখে পাহারারত সঙ্গী চিৎকার করে। কিন্তু গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় শহিদ উল্লাহ হাতির কবলে পড়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ অবস্থা দেখে পাহারত যুবকটি পালিয়ে কোনমতে প্রাণে বাঁচে। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি মোহাম্মদ কবির হোসাইন ও এলাকাবাসীরা গতকাল ঘটনাস্থলে যান। নিহত যুবককে গতকাল ১১টায় স্থানীয় ভাবে দাফন করা হয়েছে। ইতিপূর্বেও নিহতের যুবকের পিতা হাতির আক্রমণের শিকার হয়ে এক পা হারিয়ে এখনো মানবেতর জীবন যাপন করছেন।

0 Comments