মিজবাউল হক:
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার মোহাম্মদ কালুর ষোড়শী কন্যা আমেনা জেসমিন (১৭) অপহরণের ৩৩ দিন অতিবাহিত হলেও এখনও পুলিশ তাকে উদ্ধার করতে পারেনি। গতকাল অপহৃতার পিতা মোহাম্মদ কালু জানায়, তার মেয়েকে সন্ত্রাসী কর্তৃক অপহরণের ৩৩ দিন হলেও এখনো উদ্ধার করা হয়নি। তার ধারণা, তার কন্যাকে সন্ত্রাসীরা হত্যা কিংবা গুম করে ফেলেছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনের কোন তৎপরতা না থাকায় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জেসমিনের পিতা মোঃ কালূ জানায়, গত ১৫ সেপ্টেম্বর সকালে পার্শ্ববর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যার মার বাপের পাড়া এলাকায় তার খামার বাড়িতে কাজ করছিল। এসময় ওই এলাকার মোঃ ইসমাইলের পুত্র সাহাব উদ্দিনের নেতৃর্ত্বে ১৫/২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী খামার বাড়িতে প্রবেশ করে লুটপাট করে প্রায় ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। বাঁধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় সেলিনা আক্তার ও জামাল হোসেনকে মারধর করে আহত করে আমেনা জেসমিনকে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে কালুর পুত্র আমেনা জেসমিনের বড়ভাই কামাল উদ্দিন বাদী হয়ে সাহাব উদ্দিনকে প্রধান আসামী করে ১৫ জনের নাম উল্লেখ করে লামা জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। মামলা দায়ের পর থেকে অদ্যবধি জেসমিন উদ্ধার না হওয়ায় ওই পরিবারের মাঝে চলছে এখন শোকের মতম। এ ব্যাপারে জেসমিনের পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 Comments