এস.এম.তারেক,ঈদগাঁও,সদর:
সড়ক পথে ঈদগাঁওর সাথে সংযোগ রক্ষাকারী একমাত্র বেইলী ব্রীজটি দীর্ঘদিন ধরে সংস্কার হীন অবস্থায় ফেলে রাখার কারণে জনদূর্ভোগ চরমে উঠেছে। পাঠাটনে জং ধরলে গত তিন বছর আগে ব্রীজটি অনেকটা ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বিকল্প না থাকায় এলাকার লোকজনকে তারপরেও একরকম বাধ্য হয়ে ব্রীজটি ব্যবহার করতে হচ্ছে। পাঠাটনে বড় বড় ছিদ্রের সৃষ্টি হওয়ায় ব্রীজটি পার হতে গিয়ে প্রতিদিন কয়েক হাজার পথচারী ও যানবাহনকে জীবনের ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে। ফলে ব্রীজটি পার হতে গিয়ে প্রতিদিন ঘটছে ছোটবড় অসংখ্য দূর্ঘটনা। গত দু বছরে ব্রীজটিতে অন্তত ৪৩ টিরও বেশী ছোটবড় দূর্ঘটনা ঘটেছে। ব্রীজটি ক্ষতিগ্রস্থ হওয়ার পর পরই এলাকার সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জরুরী ভিত্তিতে ব্রীজটি মেরামতের জন্য জেলা এলজিইডিই অফিসকে অনুরোধ জানালেও সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ ফান্ডে টাকা না থাকার কারণ দেখিয়ে অদ্যাবধি ব্রীজটির সংস্কার কাজ শুরু করেনি। এ ব্যাপারে সংশ্লিষ্ঠ অফিসে যোগাযোগ করে জানা গেছে, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন জানানো হয়েছে। টাকার সংস্থান হলেই ব্রীজটি জরুরী ভিত্তিতে মেরামতের কাজে হাত দেয়া হবে। কবে নাগাদ অর্থ বরাদ্দ পাওয়া যাবে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্ঠ অফিস তা জানাতে পারেনি। এলাকাবাসী এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।

0 Comments