Advertisement

আর্জেন্টিনা ও নাইজেরিয়া দল আসছে আজ সকালে

অবশেষে সমর্থকদের অপেক্ষার অবসান হতে চলেছে। বহুল প্রতীক্ষিত প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আজ সকালে ঢাকায় আসছে আর্জেন্টিনা ও নাইজেরিয়া দল। সকাল ১০টা ২০ মিনিটে আর্জেন্টিনা দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এক ঘণ্টা পর আসবে নাইজেরিয়া দল। তবে আর্জেন্টিনার ৬ জন ও নাইজেরিয়ার
 ২ জন কর্মকর্তা গতকালই ঢাকায় পেঁৗছেছেন। আজ ঢাকায় পেঁৗছে দুই দলই বঙ্গবন্ধু স্টেডিয়ামে উন্মুক্ত অনুশীলনে অংশ নেবে। মেসিরা অনুশীলন করবে সন্ধ্যা সাড়ে ৬টায়। একই মাঠে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দুই দল আন্তর্জাতিক প্রীতিম্যাচে অংশ নেবে। বিশ্বের সেরা দুই ফুটবল দলের আগমন উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দরে প্রথমে ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা তাদের স্বাগত জানাবেন। এরপর জাতীয় দলের পুরুষ ও মহিলা ফুটবলাররা ফুল দিয়ে তাদের বরণ করে নিবে। সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে বিমানবন্দর থেকে দুই দলকে নির্ধারিত হোটেলে আনা হবে। আর্জেন্টিনা থাকবে হোটেল রূপসী বাংলায় এবং নাইজেরিয়া থাকবে ওয়েস্টিন হোটেলে। আর্জেটিনা দল হোটেলে এসে দুপুর ১২টায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন করবে। একইভাবে নাইজেরিয়া ম্যাচপূর্ব সংবাদ সম্মেলন করবে তাদের হোটেলে।
এদিকে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচকে ঘিরে স্টেডিয়াম এলাকায় নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গতকাল থেকে ম্যাচের দিন পর্যন্ত স্টেডিয়ামের সব দোকান বন্ধ রাখা হয়েছে। ভিভিআইপি ছাড়া কোন গাড়ি স্টেডিয়ামের গেট দিয়ে ঢুকতে পারবে না। পুরো স্টেডিয়াম এলাকা এখন পুলিশ ও র‌্যাবের নিয়ন্ত্রণে। স্টেডিয়ামের চারপাশের উঁচু ভবনগুলোতে র‌্যাবের পর্যবেক্ষক দল অবস্থান নিয়েছে। গতকাল বাফুফে ভবন থেকে স্টেডিয়াম এলাকায় চলাচলকারী, অনুশীলন ও খেলা দেখতে আসা দর্শকদের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দর্শকরা ভারি জিনিসপত্র ও ব্যাগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না। আজকের অনুশীলনসহ কাল ম্যাচ দেখতে দর্শকদের নির্দিষ্ট গেট দিয়ে ঢুকতে হবে। ওদিকে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির আগমনের খবরে মেসি ভক্তদের মধ্যে শুরু হয়েছে মেসি উন্মাদনা।

Post a Comment

0 Comments