মোহাম্মদ রাশেদুল করিম:
কক্সবাজার সদর উপজেলার বহুল আলোচিত ইসলামপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মেম্বারদের স্থগিত হওয়া শপথ অনুষ্ঠান দেরীতে হলেও সম্পন্ন হওয়ায় জন সাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে। ২৩ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে নব
নির্বাচিত চেয়ারম্যান জননেতা মাষ্টার আবদুল কাদেরকে শপথ বাক্য পাঠ করান নবাগত জেলা প্রশাসক জয়নুল বারী। এছাড়া সংরক্ষিত ৩ মহিলা মেম্বার সহ অবশিষ্ট ৯ মেম্বারকে শপথ পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমির আবদুল্লাহ মোহাম্মদ মনজুরুল করিম। উপস্থিত ছিলেন সাবেক মেম্বার নুরুল ইসলাম,নতুন অফিস বাজার ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা ইমাম খাইর, মনজুর আলম ও ফরিদুল আলম প্রমুখ। শপথ পাঠ শেষে উপস্থিত জনপ্রতিনিধিদের উদ্যেশ্যে জেলা প্রশাসক বলেন, স্থানীয় সরকারের মূল ভিত্তি হচ্ছে ইউনিয়ন পরিষদ। আপনারা ওই ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি । তাই জনগণের নিকট যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন তা ভূলে গেলে চলবে না। সব সময় সর্বস্তরের জনগণের সেবায় নিজেদের নিবেদিত রাখতে হবে। উল্লেখ্য গত ১০ আগষ্ট বৃহত্তর ঈদগাঁওর ৬ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান - মেম্বারদের শপথ গ্রহণের কথা থাকলেও ইসলামপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মাষ্টার আবদুর কাদেরের বিরুদ্ধে সাবেক চেয়ারম্যান মনজুর আলমের দায়ের করা একটি মামলায় হাইকোর্ট শপথ গ্রহণের উপর স্থগিতাদেশ দেয়ায় ওই দিন অন্য সব ইউনিয়নের জন প্রতিনিধিরা শপথ নিতে পারলে ও তিনি সহ এই ইউনিয়নের অন্যরা শপথ নেননি। পরে ওই স্থগিতাদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দায়ের করা পিটিশনে আপিল বিভাগ হাইকোর্টের ওই স্থগিতাদেশের উপর ৪ সপ্তাহের স্থগিতাদেশ দিলে তার শপথ নিতে আইনি কোন জটিলতা না থাকায় স্থানীয় সরকারের বিধি অনুযায়ী গতকাল শপথ অনুষ্ঠান সম্পন্ন করায় অত্র ইউনিয়নের আপমর জনসাধারণের মাঝে স্বস্থি বিরাজ করছে।

0 Comments