Advertisement

চকরিয়ায় পুলিশী নির্যাতনে কৃষক নিহত !

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের নির্যাতন থেকে বাঁচতে মাতামুহুরী নদীতে ঝাঁপ দিয়ে নুরুল আবছার নামের এক কৃষক আতহত্যা করেছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় চকরিয়ার মধ্যম কোনাখালী গ্রামে এঘটনা ঘটে।
রবিবার সকাল সাড়ে ১১টায়  পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের রূপালী বাজার পাড়া এলাকার মাতামুহুরী খাল থেকে পেকুয়া থানা পুলিশ ওই কৃষকের লাশ উদ্ধার করে।
পেকুয়া থানা পুলিশ জানায়, কৃষক নুরুল আবছারের পিঠে, মুখ মন্ডল ও গোপনাঙ্গে নির্যাতনের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ নির্মম হত্যাকান্ডটি ভিন্নখাতে প্রবাহিত করতে একটি প্রভাবশালী মহল অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ নিজেরা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। নুরুল আবছারের স্ত্রী সাজেদা বেগম জানান, আগামী ১৮ আগস্ট তার মেয়ে তৈয়বা বেগমের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে একই ইউনিয়নের মৃত করিম দাদের পুত্র আমানত খাঁর সঙ্গে। ইতোমধ্যে বিয়ের কাবিননামাও

সম্পন্ন হয়। আমানত খাঁ এলাকার আরেকটি মেয়ের সঙ্গে প্রেম করে এ কথা জানতে পেরে তৈয়বাকে বিয়ে দেবে না বলে সাফ জানিয়ে দেয় সাজেদা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে আমানত খাঁ কৃষক নুরুল আবছারের বিরুদ্ধে ১২ আগস্ট মাতামুহুরী পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে ফাঁড়ির আইসি এসআই জামিরুল ইসলাম তার বাড়িতে অভিযান চালিয়ে নুরুল আবছারকে গ্রেপ্তার করে অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে পুলিশের অমানবিক নির্যাতন সইতে না পেরে তিনি মাতামুহুরী নদীতে ঝাঁপ দেন। অনেক খোঁজাখুঁজির পর রবিবার সকালে উজানটিয়ার মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সাজেদা বেগম আরও অভিযোগ করে জানান, ওই রাতে আমানত খাঁর নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বাড়িতে ঢুকে দুভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। অভিযুক্ত এসআই জামিরুল ইসলাম জানান, কোনাখালী ইউনিয়নের বাংলাবাজার এলাকার সাজাপ্রাপ্ত আসামী শাহাদত কৃষক নুরুল আবছারের বাড়িতে অবস্থান করছে জানতে পেরে অভিযান চালানো হয়। ওসময় বাড়ি থেকে কে পালিয়ে গেছে তা আমার জানা নেই। নুরুল আছারকে মারধর করাতো দূরের কথা, তার চেহারাও আমি দেখেনি। চকরিয়া থানার ওসি মো: ফরহাদ জানান, শাহাদত নামের এক সাজাপ্রাপ্ত আসামীকে ধরতে পুলিশ অভিযান চালিয়েছে। এখানে কাউকে মারার প্রশ্নেই আসে না। এঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

Post a Comment

0 Comments