Advertisement

সওজ'র সকল কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ও ঈদের ছুটি বাতিল

যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তরের সদর দপ্তরসহ মাঠ পর্যায়ে কর্মরত সকল প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীর সাপ্তাহিক ও ঈদের সকল ছুটি বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাপ্তাহিক ও ঈদের ছুটিতে সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
আসন্ন ঈদ-উল- ফিতরে জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে দেশের সড়ক-মহাসড়কের জরুরি মেরামত ও পুনর্বাসন কাজ সম্পাদনের জন্য বুধবার যোগাযোগ মন্ত্রণালয় এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রেও একই আদেশ বলবৎ থাকবে।
একই সাথে সড়ক ও জনপথ অধিদপ্তরের বেশকিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত ভিন্ন ভিন্ন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের গাজীপুর সড়ক বিভাগের নির্বাহি প্রকৌশলী মো. ফজলে রাবি্বকে গাজীপুর থেকে প্রত্যাহার করা হয়েছে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আরিফুর রহমানকে ঢাকা সড়ক সার্কেল থেকে কুমিল্লা সড়ক সার্কেলে বদলি করা হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের রোড ডিজাইন এন্ড স্ট্যান্ডার্ড বিভাগের নির্বাহি প্রকৌশলী শেখ মো. সফিকুল আলমকে গাজীপুরের নির্বাহি প্রকৌশলী এবং কুমিল্লা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাব উদ্দীন খানকে ঢাকা সড়ক সার্কেলে বদলি করা হয়েছে।
এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের রংপুর সার্কেলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলামকে রংপুর জোন থেকে সড়ক ভবনে বদলি করা হয়েছে। সড়ক ভবনে কর্মরত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফুল ইসলামকে রংপুর জোনে পদায়ন করা হয়েছে।
এছাড়া সড়ক ভবনে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. দলিল উদ্দিনকে ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
শীর্ষ নিউজ ডটকম

Post a Comment

0 Comments