এনামুল হক, ঈদগাঁও:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে ফুটপাতের জায়গা হকারদের দখলে। এতে জনসাধারণকে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। সদরের দ্বিতীয় ব্যস্ততম বাণিজ্যিক এলাকা হচ্ছে ঈদগাঁও বাজার। ইদগাঁও বাসষ্টেশন হতে ইদগাহ স্কুল গেইট পর্যন্ত প্রায় ১ কিঃমিটারের রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ লোক আসা যাওয়া করে এবং রিক্সা, অটোরিক্সা, টমটম, জীপ, মইক্রোবাস, সি এন জি ও ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল
করে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাস্তাটি বিভিন্ন যানবাহন চলাচলে খুবই ব্যস্ত থাকে। রাস্তাটির দু'পাশে ফুটপাতের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকলেও তা হকাররা দখল করে নেয়। ফলে জন সাধারণকে চলাচলে সীমাহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিদিন টমটম, অটোরিক্সার ধাক্কায় অনেকেই আঘাত প্রাপ্ত হচ্ছে। কখনো হাসপাতালেও ভর্তি করানো হয়। জনসাধারণ ও ড্রাইভারের মধ্যে হাতাহাতি নিত্য নৈমিত্তিক ঘটনা। বাসষ্টেশন হতে আসতে থাকলে রাস্তাটির উভয় পার্শ্বে মাছ, শাক-সব্জী, পান, সুপারী, ঔষধ, বাচ্চাদের কাপড় সহ বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে হকারদের বসে থাকতে দেখা যায়। তাছাড়া ঈদগাঁও ইউনিয়ন পরিষদ অতিক্রম করার পর রাস্তার বাম পার্শ্বে ছাগলেরবাজার বসলেও ছাগলগুলো অনেক সময় রাস্তায় এসে ছুটাছুটি করে। এতে যানবাহন ও জনসাধারণের চলাচলে দারুন ব্যাঘাত ঘটে। তাছাড়া যত্রতত্র টমটম, অটোরিক্সা, ভ্যান ও মটরসাইকেল পার্কিং করে রাখার কারণে জনদূর্ভোগের আর সীমা থাকেনা। রাস্তার উভয় পার্শ্বের জায়গাতে ফুটপাত নির্মাণ করে চলাচলের এ দূর্ভোগ লাঘব করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন বৃহত্তর ঈদগাঁওয়ের সচেতন মহল।


0 Comments