স্টাফ রিপোর্টার,চকরিয়া-পেকুয়া;
পেকুয়ায় পুলিশের তৎপরতায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা
টমটম (অটোরিক্সা) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৬
অক্টোবর) দুপুরে চকরিয়া পৌর বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে অটোরিক্সাটি উদ্ধার করা হয়।
টমটম উদ্ধারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ওসি কামরুল
আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অটোরিক্সাটি পরিত্যক্ত অবস্থায়
উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (১৪অক্টোবর) রাত ৮টার দিকে পেকুয়া এবিসি
সড়কের নুইন্যামুইন্যা ব্রীজ সংলগ্ন এলাকায় চালক জমির উদ্দিনকে গলায় ও পিঠে
ছুরিকাঘাত করে টমটম (অটোরিক্সাটি) ছিনিয়ে নিয়ে যায় যাত্রীবেশী
ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা ওই চালককে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন
রয়েছেন।

0 Comments