Advertisement

টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ক্যবসায়ী নিহত, ৩ পুলিশ আহত, অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার

সরওয়ার আজম মানিক:
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের তিন সদস্য। এসময় ঘটনাস্থল থেকে একটি এলজি, ৭টি কার্তুজ ও ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কের মহেশখালিয়া পাড়া নৌ ঘাটে এ ঘটনা ঘটে।

নিহত মাদক ব্যবসায়ী হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ডেল পাড়া গ্রামের ছালে আহমদের পুত্র মোহাম্মদ আজিজ (২৪)।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এই সময় মাদক ব্যবসায়ী আজিজের সহযোগীদের গুলিতে আহত হয়, এস আই কামরুজ্জামান, এএসআই মিশকাত ও কনস্টেবল রুমেন দাস।
পরে ঘটনাস্থল থেকে  গুলিবিদ্ধ অবস্থায় আটক মাদক ব্যবসায়ী আজিজকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতালে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় ঘটনাস্থল থেকে ১ টি এলজি, ৭ রাউন্ড কার্টুন ও ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Post a Comment

0 Comments