Advertisement

পাঁচ মাদক বিক্রেতার পেট থেকে ১৩ হাজার পিস ইয়াবা

ভয়েস অব কক্সবাজার ডেস্ক:
কুমিল্লায় পাঁচ মাদক বিক্রেতার পেট থেকে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজার থেকে অভিনব কায়দায় পেটের ভিতরে করে ইয়াবা পাচারের সময় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকা থেকে ডিবি পুলিশ ওই ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। সোমবার একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে তাদের পেটের মধ্যে ইয়াবা পায় পুলিশ।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন কুষ্টিয়ার মিরপুর থানার হালসা গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাইফুল ইসলাম (২২), কুড়িগ্রাম জেলার রৌমারী থানার ধনারচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২০), একই জেলার চুলিয়ারচর গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. সুলতান (১৯), রাজিবপুর থানার চরসাজৈ গ্রামের ওসমান গনির ছেলে শরিফুল ইসলাম (২২), একই উপজেলার চররাজিবপুর গ্রামের আবু বকর ছিদ্দিকের ছেলে ফারহজান রাজ (২২)।

ডিবি পুলিশের এসআই পরিমল দাস জানান, রবিবার পদুয়ার বাজার বিশ্বরোডে পুলিশ চেকপোস্টে বিভিন্ন যানবাহন তল্লাশিকালে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে একটি এক্স নোহা মাইক্রোবাসকে পুলিশ সংকেত দেয়। তল্লাশি করার সময় মাদক ব্যবসায়ীরা রাস্তার মধ্যে গাড়ি রেখে কৌশলে পালানোর চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ ৫ যুবককে আটক করে।

এরপর সোমবার তাদের একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করে পেটের মধ্যে ইয়াবা পায়।

পরে তাদের পেটের ভিতর ইয়াবা সম্বলিত ২৬০টি প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্যাকেটে ১৩ হাজার পিস ইয়াবা ছিল বলে জানায় ডিবি পুলিশ।

কুমিল্লা ডিবি পুলিশের উপ-পরিদর্শক ইকতিয়ার উদ্দিন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করেন।

Post a Comment

0 Comments