Advertisement

সেন্টমাটিনে স্থায়ী বিওপি কার্যালয় নির্মান করা হবে : বিজিবি প্রধান

ভয়েস অব কক্সবাজার ডেস্ক:
বিজিবির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম পিএসসি এনডিসি বলেছেন, সেন্টমার্টিন বাংলাদেশের জন্য ভৌগোলিকভাবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকার নিরাপত্তা সুরক্ষায় সেন্টমার্টিনে স্থায়ী বিওপি (বর্ডার আউট পোস্ট) কার্যালয় নির্মাণ করা হবে। সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিজিবি মোতায়েন করা
হয়েছে। দ্বীপে বিজিবি’র যে জনবল রয়েছে, তা সীমান্ত নিরাপত্তার জন্য যথেষ্ট। বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক পাচার রোধ, মানব পাচার রোধসহ বিভিন্ন অপরাধ দমনে বেশ সফলতা দেখিয়েছে। একঘন্টার সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন শেষে বিজিবি প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুর দেড়টায় বিশেষ হেলিকপ্টার যোগে তিনি সেন্টমার্টিন দ্বীপে অবতরণ করেন। এরপর বিজিবির মহাপরিচালক সরাসরি সেন্টমার্টিনের কোনার সংলগ্ন বিজিবি’র অস্থায়ী বিওপি পরিদর্শন করেন।

পরে বিওপি’র স্থায়ী কার্যালয় নির্মাণের জন্য মটর সাইকেল যোগে গিয়ে তিনি নির্বাচিত জায়গা ঘুরে ঘুরে দেখেন। এসময় বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাদের নতুন স্থাপনা নির্মাণ সংক্রান্ত, সীমান্ত নিরাপত্তা বিষয়ে তিনি বিশেষ নির্দেশনা প্রদান করেন। বেলা আড়াইটার দিকে হেলিকপ্টার যোগে তিনি সেন্টমার্টিন দ্বীপ ত্যাগ করেন।
সফরকালে রামু সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল মাঈন উদ্দিন চৌধুরী, বিজিবি’র রিজিওন কমান্ডার বিগ্রেডিয়ার সাজেদুর রহমান, সেক্টর কমান্ডার মনজুরুল হাসান, বিজিবি’র ২ নম্বর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ফয়সাল হাসান খান তাঁর সাথে ছিলেন।
সেন্টমার্টিনে দীর্ঘ ২১ বছর পর নতুন করে সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন এবং বিওপি প্রতিষ্ঠার পর এটি বিজিবি’র কোন মহাপরিচালকের প্রথম সফর। এর আগে দ্বীপটিতে বিজিবি সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকলেও কোস্টগার্ড নিয়োজিত করার পর বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছিলো।
মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি গত ২০১৮ সালের ২৮ মার্চ বিজিবির মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন। সেন্টমার্টিনে বিজিবি’র বিওপি পূন:স্থাপনের পর এটিই হবে বাহিনী প্রধানের প্রথম সফর।
প্রসঙ্গত, চলতি বছর ৭ এপ্রিল থেকে সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন করা হয়। এর আগে ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিনে তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) মোতায়েন ছিল।

Post a Comment

0 Comments