Advertisement

কবি সাযযাদ কাদির আর নেই

বহুমাত্রিক লেখক, কবি, সাংবাদিক সাযযাদ কাদির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে তিনি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন।  তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
১৯৪৭ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে জন্মগ্রহণ
করেন সাযযাদ কাদির। তিনি বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম কবি, গবেষক ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত। সাযযাদ কাদির ১৯৬২ সালে বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাযযাদ কাদির ১৯৭২ সালে টাঙ্গাইল করোটিয়ার সা’দত কলেজের বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৬ সালে তিনি কলেজের চাকরি ছেড়ে সাপ্তাহিক বিচিত্রায় যোগদানের মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।
সাংবাদিকতা জীবনে সাযযাদ কাদির কাজ করেছেন রেডিও বেইজিং, দৈনিক সংবাদ, মানবজমিন ও দিনকালে।
সাযযাদ কাদির শুধু কবিতাই নয়—গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুতোষ, সম্পাদনা, সংকলন, অনুবাদসহ বিভিন্ন বিষয়ে ৬০টির বেশি গ্রন্থ রচনা করেছেন।

Post a Comment

0 Comments