Advertisement

রোমাঞ্চকর প্রথম হাঁটা!

জীবনে প্রথমবার হাঁটতে কেমন লেগেছিল মনে নেই নওশাবার। রোমাঞ্চকর সেই দিনটি আবারও ফিরছে তাঁর জীবনে। ভীষণ ভীষণ ইচ্ছে ছিল র‍্যাম্পে হাঁটবেন তিনি। নেপথ্যে বাজবে প্রিয় কোনো গান। অভিনেত্রী ও মডেল নওশাবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। জীবনে প্রথমবারের মতো র‍্যাম্পে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আগামীকাল শনিবার বিকেল ৫টা থেকে আরটিভি সরাসরি প্রচার করবে ফ্যাশন শো ‘ঐতিহ্যে বাংলা সিনেমা’। বাংলা সিনেমার কালজয়ী গানগুলোর সঙ্গে র‍্যাম্পে হাঁটবেন এখনকার মডেলেরা। তারকাদের মধ্যে থাকবেন সাদিয়া ইসলাম মৌ, শানু, সোনিয়া, পিয়া, হীরা, শবনম ফারিয়া প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনয়শিল্পী নাবিলা ও ফেরদৌস। ফ্যাশন শো-এর তত্ত্বাবধায়ক বিপ্লব সাহা বলেন, ‘প্রতি বছর বৈশাখের আগে আমরা একটি ফ্যাশন শো করি। এ বছরের থিম নির্ধারণ করা হয়েছে বাংলা সিনেমা। যে ক্ল্যাসিক ছবিগুলো দেখে আমরা বড় হয়েছি, সেগুলোর গান দিয়েই সাজানো হয়েছে অনুষ্ঠান। দেশি পোশাক জড়িয়ে বাংলা ছবির কালজয়ী গানগুলোর সঙ্গে তারা তুলে ধরবেন দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে। এ অনুষ্ঠানে প্রথমবারের মতো একসঙ্গে র‍্যাম্পে দেখা যাবে অভিনেত্রী রোজিনা ও অভিনেতা ফারুককে।’
জীবনে প্রথম র‍্যাম্পে হাঁটার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নওশাবা। তিনি বললেন, ‘ভীষণ ইচ্ছে ছিল একদিন র‍্যাম্পে হাঁটব। নানা কারণে সুযোগ হয়নি। এ ছাড়া ভেবেছিলাম, শুরুটা করব চমৎকার কোনো র‍্যাম্প দিয়ে। সুযোগটা দেওয়ার জন্য বিপ্লব ভাইকে ধন্যবাদ জানাতেই হয়।’ বেদের মেয়ের পোশাকে ক্যাটওয়াকের প্রস্তুতি নিতে গিয়ে দারুণ রোমাঞ্চিত এই অভিনেত্রী। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ভুবন মাঝি’ ছবির একটি চরিত্রে দেখা গেছে নওশাবাকে। এরই মধ্যে আরও বেশ কিছু ছবিতে কাজ করেছেন তিনি। শিগগির মুক্তি পাবে সেগুলো।

Post a Comment

0 Comments