পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সততার শক্তি ছিল বলেই বিশ্ব ব্যাংকের ওই অভিযোগকে চ্যালেঞ্জ জানাতে পেরেছিলেন তিনি।
দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে চুক্তি করেও বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত এবং পরে তা বাতিলকরেছিল বিশ্ব ব্যাংক। পরে তাদের বাদ দিয়েই নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই রায় প্রকাশের দুদিনের মাথায় রোবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “এতকাল পরে আজকে তারা স্বীকার করেছে, কোর্ট বলে দিয়েছে; এখানে তো কোনো দুর্নীতি হয়ই নাই… বরং ওয়ার্ল্ড ব্যাংক যে অভিযোগ করেছে, তা ভুয়া, মিথ্যা ও আষাঢ়ে গল্প।”
তিনি বলেন, “আমি এতটুকু বলতে পারি, আমাদের কারণে বাংলাদেশের মানুষ এতটুকু লজ্জায় পড়তে পারে বা বাংলাদেশের মানুষের কোনো রকম মান- সম্মান ক্ষুন্ন হবে… অন্তত সেই কাজ আমাদের পরিবার, শেখ মুজিবের পরিবার এটা কোনো দিনও করবে না।
“কারণ আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি আর মানুষের জন্য রাজনীতি করি, দেশের মানুষকে ভালো রাখার নিয়ত নিয়ে রাজনীতি করি।”
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৭তম জাতীয় সমাবেশ উপলক্ষে দরবারে বক্তব্য দেন শেখ হাসিনা।


0 Comments