Advertisement

এমপি লিটন হত্যার আসামি রানা গ্রেফতার

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় আমিনুল ইসলাম রানা নামের একজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার দুপুর ২টায় গাইবান্ধা জেলার পুলিশ সুপার আশরাফুল ইসলাম তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।


তিনি জানান, এমপি লিটন হত্যায় গ্রেফতার হওয়া জাতীয় পার্টির সাবেক এমপি ড. কর্নেল (অব.) আবদুল কাদের খানের পরিকল্পনায় আবদুল হান্নান, মেহেদী হাসান, শাহীন ও রানা হত্যাকাণ্ড ঘটায়।

এর আগে গত মঙ্গলবার রাতে হান্নান, মেহেদী ও শাহীন গাইবান্ধার বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় এমপি লিটনকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেন। তাদের দেয়া তথ্যমতে, গতকাল বুধবার দিবাগত রাতে ঢাকা থেকে আমিনুল ইসলাম রানাকে গ্রেফতার করে গাইবান্ধার পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রানাকে গাইবান্ধার বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।

এদিকে এমপি লিটন হত্যায় ব্যবহৃত আরো একটি অস্ত্র উদ্ধারে সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সাবেক এমপি আবদুল কাদের খানের বাড়িতে অভিযান চালাচ্ছে।

কাদেরের দেয়া তথ্য অনুসারে বুধবার দিবাগত রাত ১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খানবাড়ী) গ্রামের বাড়ির আঙিনার উত্তর পাশের দেয়াল ঘেষে মাটির নিচ থেকে ছয়টি গুলিসহ একটি পিস্তুল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে।

গত বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ (মাস্টারপাড়া) এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

Post a Comment

0 Comments