Advertisement

আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কৌশলে সাংসদের প্রচারণা!

বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান কৌশলী প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এ বি এম গোলাম কবিরের বিরুদ্ধে প্রভাব বিস্তার, আচরণবিধি
লঙ্ঘন, বিএনপির নেতা-কর্মীদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।
বিএনপির মেয়র প্রার্থী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ূন কবির মল্লিক ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াজেদ আলী হাওলাদার এসব অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার গোলাম কবিরসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার। তবে গোলাম কবির ও সাংসদ শওকত হাচানুর রহমান তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
হুমায়ূন কবির মল্লিক অভিযোগ করেন, এ বি এম গোলাম কবিরের সমর্থকেরা তাঁর (হুমায়ূন কবির) কর্মী ও সমর্থকদের বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দিচ্ছেন। তাঁর কয়েক হাজার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এই জবরদস্তি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে গত শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। প্রচারণার প্রথম দিন থেকেই নৌকা প্রতীকের সমর্থকেরা তাঁর নেতা-কর্মীদের নানাভাবে প্রচারণায় বাধা দিচ্ছেন। গোলাম কবির প্রতিনিয়ত আচরণবিধি লঙ্ঘন করে মহড়া দিচ্ছেন। শনিবার দুপুরে বেতাগী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান শিক্ষকদের নিয়ে বৈঠক করে নৌকায় ভোট দেওয়ার পাশাপাশি নির্বাচনে সহযোগিতা করতে পরামর্শ দেন। গোলাম কবির ওই প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষকদের নির্বাচনী প্রচারণায় নামতে বাধ্য করা হচ্ছে। এর আগে শুক্রবার বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌর এলাকার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার বৈঠক করে নৌকার পক্ষে শিক্ষকদের কাজ করতে বলেন।
হুমায়ূন কবির মল্লিক ও আবদুল ওয়াজেদ আলী হাওলাদার অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীকে অনৈতিক পন্থায় বিজয়ী করতে স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান নানাভাবে তৎপরতা চালাচ্ছেন। ভোটার ও প্রশাসনকে তিনি প্রভাবিত করার চেষ্টা করছেন। পৌর নির্বাচনে সাংসদদের প্রচারণায় অংশ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকায় সাংসদ হাচানুর নতুন কৌশলে নির্বাচনী প্রচার চালাচ্ছেন। গত বুধবার তিনি পৌর এলাকার সীমানার অদূরে মোকামিয়া মাদ্রাসায় পৌরসভার বিভিন্ন এলাকার লোকজনকে ডেকে নিয়ে বৈঠক করে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে ভোট চান। সেখানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা ও কর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় তিনি যেকোনোভাবে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনাও দেন।
এদিকে বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীর ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল গোলাম কবির, মাকসুদুর রহমান ও বাবুল আকতারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার।
তবে অভিযোগের বিষয়ে সাংসদ শওকত হাচানুর রহমান বলেন, ‘আমি কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে মোকামিয়া মাদ্রাসায় গিয়েছিলাম। সেখানে নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়নি। কেউ যদি কোনো ধরনের অভিযোগ করেন, তা ভিত্তিহীন।’
প্রসঙ্গত, ৩ ডিসেম্বর সাংসদ হাচানুর হেলিকপ্টারে করে দলীয় প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্র নিয়ে ঢাকা থেকে বেতাগীতে আসেন। এ ছাড়া ৭ ডিসেম্বর তিনি পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ে দলীয় প্রার্থীআনোয়ার হোসেন আকনের পক্ষে সভা করে দলীয় নেতা-কর্মীদের যেকোনোভাবে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নির্দেশনা দেন। এতে নির্বাচন কমিশন তাঁকে দুই দফায় কারণ দর্শানোর নোটিশওদেয়।
এ নিয়ে ৮ ডিসেম্বর প্রথম আলোয় ‘এবার প্রার্থীর পক্ষে সাংসদের কর্মিসভা’ শিরোনামে খবর ছাপা হয়।

Post a Comment

0 Comments