Advertisement

চুমু দিয়ে বিপাকে!

ইরানের অভিনেত্রী লেইলা হাতামির গালে চুমু দিয়ে ইরানে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট গিলেস জ্যাকব।
লেইলাকে চুমু দেওয়ার ঘটনা ইরানের নারীদের শালীনতাবোধের ওপরে আঘাত বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। এই সমালোচনার জবাবে গালে চুমু দেওয়ার সংস্কৃতি পশ্চিমা দেশগুলোর স্বাভাবিক রীতি বলে মন্তব্য করেন জ্যাকব। টুইটারের মাধ্যমে সমালোচনার জবাবে জ্যাকব বলেন, ‘আমি লেইলার গালে চুমু খেয়েছি। সেই সময়ে তিনি আমার কাছে ছিলেন সকল ইরানি চলচ্চিত্রের প্রতিনিধি। এরপরে আবার লেইলা তার নিজের সত্তায় ফিরে গেছে।’

পশ্চিমা দেশগুলোতে প্রচলিত প্রথার ব্যাপারে বিতর্ক করার কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে লেইলা হাতামির কান উৎসবে যোগদান ধর্মীয় বিশ্বাসের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইরানের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হুসেইন নুশাবাদি। এ ছাড়া লেইলা যে পোশাক পরে কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছেন, সেটাও ইরানে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যমে।

আসগার ফারহাদির ‘অ্যা সেপারেশন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত পরিবারে জন্ম নেওয়া লেইলা। অ্যা সেপারেশন ছবিটি ২০১২ সালে শ্রেষ্ঠ বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কার জিতেছিল।

কান চলচ্চিত্র উৎসবের ২০১৪ সালের নির্বাচিত বিচারদের মধ্যে একজন ছিলেন লেইলা। অভিনেতা স্বামী আলি মোসাফফার সঙ্গে ইরানেই বাস করেন তিনি।

Post a Comment

0 Comments