Advertisement

রানা প্লাজায় ক্ষতিগ্রস্থদের গ্লোবাল ট্রাস্ট অর্থ সহায়তা দিচ্ছে

ঢাকা: রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ শ্রমিকদের অর্থ সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

মঙ্গলবার বিকেলে শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয়ে ক্ষতিগ্রস্থ দু'জন শ্রমিককে ৫০ হাজার টাকার চেক হস্তান্তরের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।
চেকপ্রাপ্তরা হলেন- বেঁচে যাওয়া শ্রমিক জেসমিন আক্তার এবং নিহত শিল্পী আক্তারের মা শামসুন্নাহার।

এ সময় শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু জানান, রানা প্লাজার ক্ষতিগ্রস্থ শ্রমিকসহ ওই এলাকার ক্ষুদ্র দোকানদারদের মধ্যে প্রায় তিন হাজার জনকে এ সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, গ্লোবাল ট্রাস্ট ফান্ডের আওতায় আইএলও বিভিন্ন দাতা সংস্থা ও বায়ারদের কাছ থেকে এ সহায়তার টাকা সংগ্রহ করছে।

এ পর্যন্ত ১৫ মিলিয়ন ডলার সহায়তা দেওয়া হয়েছে। এ টাকা থেকেই তিন হাজার জনকে এ সহায়তা দেওয়া হচ্ছে।

বুধবারের মধ্যে বাকিদের মোবাইলে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে এ টাকা পৌঁছে দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, এ পর্যন্ত রানা প্লাজায় ক্ষতিগ্রস্থদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তিন কোটি ৯০ লাখ টাকা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্থদের ধরণভেদে ১৫ লাখ টাকা, ১২ লাখ টাকা এবং নিহতদের ৮-১৫ লাখ টাকা করে দেওয়া হয়েছে।

তবে গ্লোবাল ট্রাস্ট ফান্ডের সব টাকা পাওয়া গেলে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ২৫ থেকে ৩০ লাখ টাকা দেওয়া সম্ভব হবে।

আইএলওএ’র কান্ট্রি ডিরেক্টর নিভাস রেড্ডি, ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলবার্ড হম্বু, ট্রাস্ট ফান্ডের প্রতিনিধি মি. কাজজিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। 

Post a Comment

0 Comments