Advertisement

নৌকাডুবিতে নারীর মৃত্যু, নিখোঁজ ৮

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৮ জন। মঙ্গলবার বেলা
সাড়ে ১১টার দিকে উপজেলার চৌধুরীপাড়া খাল থেকে নারীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর নাম ফরিজার (৫০)। তিনি মিয়ানমারের মংডু গউজার বিল এলাকার মাওলানা জাকারিয়ার স্ত্রী এবং একই এলাকার মৃত এজাহার মিয়ার মেয়ে। মৃতদেহ উদ্ধারের সময় একটি মোবাইল সেট, তসবিহ ও প্রেসক্রিপশন উদ্ধার করে পুলিশ। পরে লেদা আনরেজিস্টার ক্যাম্পের বাসিন্দা কালা মিয়ার ছেলে মৌলভী আবদুল হাকিম নামে এক স্বজনের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে নয়াপাড়া ঘাট থেকে মিয়ানমার গউজিবিল ঘাট এলাকায় আদম বোঝাই একটি নৌকা ১৮ জন মাঝিমাল্লা ও যাত্রী নিয়ে ফিরে যায়। এসময় নাফনদীর মাঝপথে গেলে হঠাৎ বৈরি বাতাসে ডুবে যায় নৌকাটি। অনেক খোঁজাখুজির পর ৯ জনকে উদ্ধার করার পর তিন শিশু, নারী এবং মাঝি-মাল্লাসহ আরো ৯জন নিখোঁজ ছিল। ওসি জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৯টার দিকে হ্নীলা চৌধুরী পাড়া ব্রিজের নিচে খালে ভাসমান অবস্থায় নারীর মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। মৃত নারীর স্বজন আবদুল হাকিম ও মৌলভী ইদ্রিস জানান, চার দিন আগে ফরিজা সপরিবারে বাংলাদেশে চিকিৎসা নিতে এসেছিলেন। সোমবার চিকিৎসা শেষে দেশে ফেরার পথে নৌকাডুবির ঘটনায় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় স্বামী মাওলানা জাকারিয়াসহ আরো ৮ আরোহী নিখোঁজ রয়েছে।