হরতালে সহিংসতার মামলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার মওদুদ আহমদসহ বিএনপির স্থায়ী কমিটির তিন সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তারের ছয় দিনের মাথায় বৃহস্পতিবার সহযোগী সংগঠনের এই দুই নেতা গ্রেপ্তার হলেন।
সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু দুজনের বিরুদ্ধেই সাম্প্রতিক হরতালে সহিংসতার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালে গাড়ি ভাংচুর,অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস ঘটনায় তারা সংশ্লিষ্ট আছেন, এমন তথ্য প্রমাণ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।”
এই গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে শীর্ষ দুই নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল।
দুই নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার সব মহানগর, জেলা ও থানায় বিক্ষোভের কর্মসূচিও দিয়েছে বিএনপির সহযোগী সংগঠনটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক দলের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেঁছেন।
