Advertisement

খলনায়ক ডিপজল ফের নায়ক হতে চান


ঢাকা: নায়ক হিসেবেই চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল তার। ব্যবসা সফলও হয়েছিল জীবনের প্রথম ছবিটি। কিন্তু তার পর দীর্ঘ দিন চলচ্চিত্র পাড়ায় দেখা যায়নি তাকে। নব্বই দশকের শেষ দিকে আবারও ফেরেন তিনি। তবে নায়ক নয় ‘খলনায়ক’ হয়েই নতুন যাত্রা শুরু করেন মনোয়ার হোসেন ডিপজল। নায়ক হিসেবে জনপ্রিয়তার চূড়ায় পৌঁছতে না পারলেও খলনায়ক হিসেবে বেশ নাম করেছিলেন তিনি। তবে আবারও দীর্ঘদিন ধরে সিনেমা পড়ায় আনাগোনা নেই তার। কোথায় তিনি? কী করছেন? এসব প্রশ্ন ঘুরে ফিরে উঠে আসছে বিভিন্ন মহলে।
ডিপজলের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, এবার অপেক্ষার প্রহর শেষ হচ্ছে ডিপজল ভক্তদের। আবার ফিরছেন তিনি। তবে খলনায়ক নয়, ফের নায়ক হতে চান শক্তিমান এ অভিনেতা। ডিপজল তার ঘনিষ্ঠদের বলেছেন, রাজনীতির কারণে চলচ্চিত্র ক্যারিয়ারের প্রতি নজর দিতে পারেননি প্রভাবশালী এই অভিনেতা। বিভিন্ন হামলা-মামলায় হয়রানি পোহাতে হয়েছে তাকে। বিতর্কিত কিছু কর্মকাণ্ডের জন্য কারাগারেও যেতে হয়েছে একাধিকবার। কিন্তু এবার রাজনীতির চেয়ে চলচ্চিত্রেই সময় দিতে চান ডিপজল। এজন্য নিজেকে আকর্ষণীয় করে গড়ে তোলার কাজেও মন দিয়েছেন। আগে চেয়ে অনেক স্লিম হয়েছেন বলেও জানা গেছে।           


মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘টাকার পাহাড়’ ছবির মধ্য দিয়ে সিনেমা জগতে আসেন ডিপজল।  নায়িকা মিষ্টি সেই তার বিপরীতে। ছবিটি দর্শক জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। পরে আবিদ হাসান বাদলের ‘হাবিলদার’ ছবিতেও নায়ক ছিলেন তিনি। তার পর চলে যান পর্দার আড়ালে। রাজনীতিতে মনোযোগ দেন ডিপজল। রাজধানীর মিরপুর-গাবতলী এলাকায় ডিপজলের প্রভাব-প্রতিপত্তির কথা সর্বজনবিধিত। দুবার মিরপুর, গাবতলী, বাঘবাড়ি এলাকা থেকে কাউন্সিলরও নির্বাচিত হয়েছিলেন ডিপজল। রাজনৈতিক ব্যস্ততায় চলচ্চিত্র পাড়ায় দেখা যেত না তাকে। চলচ্চিত্রের কাল্পনিক চরিত্র ফেলে বাস্তবেই দাপিয়ে বেড়াতেন ‘খলনায়ক’ ডিপজল।


দীর্ঘ বিরতির পর নব্বই দশকের শেষ দিকে পরিচালক কাজী হায়াতের হাত ধরে ফের চলচ্চিত্রে ফেরেন তিনি। তবে এবার ভিন্ন রূপে। নায়ক থেকে একেবারে খলনায়ক। ছবির নাম ‘তেজী'। নায়ক ছিলেন প্রয়াত অ্যাকশন হিরো মান্না। ডিপজলের নিজস্ব বাচন-ভঙ্গির কারণে ‘তেজী’ ব্যবসা সফল ছবির তালিকায় নাম লেখায়। সেই থেকে, বাংলা সিনামায় নতুন করে পরিচিত হন মনোয়ার হোসেন ডিপজল।


পরে ২০০৪ সালে নিজেকে নায়ক বানিয়ে নতুনরূপে আত্মপ্রকাশ করেন এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন' দিয়ে। সৃষ্টি হয় আরেক ইতিহাস। নায়ক হিসেবেও সিনেমাপ্রেমী দর্শকের মনে এমনই ঝড় তোলেন। পরবর্তীতে ‘চাচ্চু', ‘দাদি মা', ‘পিতার আসন', ‘কাজের মানুষ', ‘মায়ের চোখ', ‘আমার স্বপ্ন আমার সংসার', ‘রিকশাওয়ালার ছেলে' ইত্যাদি ছবির মাধ্যমে জনপ্রিয়তার দিক দিয়ে ছাড়িয়ে যান সবাইকে। দর্শক, প্রদর্শক, প্রযোজক, পরিচালকসহ পুরো চলচ্চিত্র শিল্পের মানুষের ভালবাসায় সিক্ত ডিপজল হঠাৎ করেই সিনেমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। আটকে যায় তার ছবির কাজ। যোগাযোগ কমে যায় সবাই সঙ্গে।


ইদানিং বেসরকারি এক টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘প্রেক্ষাগৃহ পূর্ণ' উপস্থাপনা করছেন জাদরেল  এ অভিনেতা। তার নিজস্ব স্টাইলে উপস্থাপনা করে অনুষ্ঠানটিকে বেশ আলোচিত করে তুলেছেন। ডিপজলের ডাকে সাড়া দিয়ে নামি দামি চলচ্চিত্র ব্যক্তিত্বরাও ধরা দিচ্ছেন ‘প্রেক্ষাগৃহ পূর্ণ' অনুষ্ঠানে।
- See more at: http://www.bengalinews24.com/entertainment-bangladeshi-media-news-for-tv,-cinema-and-star/2013/08/07/13991#sthash.glZZt5mq.dpuf

Post a Comment

0 Comments