Advertisement

সৌদি আরবে বৈধ হওয়ার সময় বাড়ল

সৌদি আরবে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের সাধারণ ক্ষমার আওতায় বৈধ হওয়ার সুযোগ চার মাস বাড়িয়েছেন বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ।
  Print Friendly and PDF
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্হিপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সৌদি বাদশাহ বিদেশিদের জন্য ৩ জুলাই পর্যন্ত যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন তার মেয়াদ ৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, আকামা পরিবর্তনের মেয়াদ বাড়ানোর ফলে বিদেশি শ্রমিকরা ৪ নভেম্বর পর্যন্ত ভিসা রেখে তাদের পছন্দমতো কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারবেন এবং যারা অবৈধভাবে সেখানে অবস্থান করছেন, তারা শাস্তি বা জরিমানা ছাড়াই দেশে ফেরার সুযোগ পাবেন।
বাংলাদেশ ছাড়াও পাকিস্তান,ফিলিপাইন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরা এই সুবিধার আওতায় পড়বেন।
গত ৪ মে জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ সৌদ আল ফয়সালের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বৈঠকের পর আকামা পরিবর্তনের সুযোগ দেয়ার সিদ্ধান্ত নেয় সৌদি আরব। তবে এই সুযোগের মেয়াদ আরো বাড়ানোর জন্য বিভিন্ন দেশের পক্ষ থেকে সৌদি সরকারকে অনুরোধ জানানো হয়।
তেল সমৃদ্ধ সৌদি আরবে প্রবাসী কর্মীদের এক-চতুর্থাংশই বাংলাদেশি। তবে ২০০৯ সাল থেকে দেশটিতে বাংলাদেশিদের কাজের অনুমতিপত্র পরিবর্তনের সুযোগ বন্ধ থাকায় জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ রয়েছে।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাদশাহ বিদেশিদের বৈধ হওয়ার জন্য নতুন করে যে সময় দিয়েছেন তা শেষ হওয়ার পর নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান শুরু করবে। এরপর কারো অনিয়ম ধরা পড়লে তাকে আটক করে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
এই সময়ের মধ্যে সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশটির স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা শামীম আহসান জানান, সৌদি সরকার সাধারণ ক্ষমা ও আকামা পরিবর্তনের সুযোগ দেয়ার পর ১ জুলাই পর্যন্ত এক লাখ ১২ হাজার ৯৯৪ জন বাংলাদেশি নতুন পাসপোর্ট করেছেন। এ সময় পাসপোর্ট নবায়ন করেছেন ৪৬ হাজার ৮৯৬ জন। আর দেশে ফেরত আসার অনুমতি পেয়েছেন ৭০ হাজার ৭৩৫ জন।

Post a Comment

0 Comments