Advertisement

মাহে রমজানকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে র‌্যালী


 এম. আমান উল্লাহ
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী। নিম্নে এ সংক্রান্ত প্রাপ্ত সংবাদগুলো উপস্থাপন করা হল-
চকরিয়ায় মরহুম বদরুদ্দোজা চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন
বিশিষ্ট সমাজ সেবক ও সংস্কারক মরহুম বদরুদ্দোজা চৌধুরী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চকরিয়ায় মাহে রমজান উপলক্ষে বিশাল স্বাগত মিছিল বের হয়েছে। গতকাল মঙ্গলবার ফাউন্ডেশনের সভাপতি মোঃ ইসমাঈলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি চকরিয়া জিদ্দাবাজারস্থ ষ্টেশনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে মিলিত এক সমাবেশে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক তকী কামাল, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মিনহাজ, সহ-সাধারণ সম্পাদক আবদুল হাকিম প্রমুখ। সভায় নেতৃবৃন্দ, রমজানের পবিত্রতা রক্ষায় সচেষ্ট হওয়ার জন্য সকলের প্রতি নৈতিক আহবান জানান।
চকরিয়ায় ছাত্রশিবির
চকরিয়ায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের দাবিতে বিশাল স্বাগত র‌্যালী ও মিছিল বের করেছে ইসলামী ছাত্রশিবির। বিপুল ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি চকরিয়া পৌর শহরের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন জনতা মার্কেট এলাকায় এক সমাবেশে মিলিত হয়। উপজেলা সভাপতি এম. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের কক্সবাজার জেলা সভাপতি মুহাম্মদ দিদারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য জামায়াতে ইসলামী চকরিয়া পৌর শাখার সেক্রেটারি মুহাম্মদ আরিফুল কবির, ছাত্রশিবির পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহেদ উদ্দিন, মহেশখালী দক্ষিণের সভাপতি এম. ওমর আলী, জামায়াত নেতা ডাঃ সরওয়ার আলম, মাওলানা জামাল হোছাইন, আহমদুর রহিম। এসময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোঃ মাঈনুদ্দিন, আরিফুল ইসলাম, মুছা ইবনে হোছাইন, শাহাদাত হোসাইন, নাঈমুল ইসলাম, লিনিয়াস প্রমুখ। বক্তারা বলেন, আজ ইসলাম ও ইসলামী আন্দোলনকে স্তব্দ করে দিতে গভীর ষড়যন্ত্র চলছে। ইসলামী ছাত্রশিবির যেখানে আল কুরআনের সমাজ প্রতিষ্ঠার কাজে তৎপর, সেখানে অপতৎপরতায় লিপ্ত ইসলাম বিদ্বেষী এক শ্রেণীর বিশেষ মহল। বক্তারা পবিত্র কুরআনের সুরা বাকারার ১৮৩নং আয়াতের উদ্বৃতি দিয়ে বলেন, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে করে তোমরা তাকওয়া  (খোদাভীতি) অর্জন করতে পারো। ঠিক তেমনিভাবে ইসলামী ছাত্রশিবির নামক এ সংগঠন এই জমীনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় আত্মশুদ্ধির মাসে আল কুরআনকে বুঝে পড়ার মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষায় সকলকে সচেষ্ট হওয়ার দাওয়াত পৌঁছে দিচ্ছেন। বক্তব্যে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপণ করে কুরআন-হাদীস বিরোধী সকল আইন বাতিল করুন। রমজানের মাসে মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে ইসলামী নেতৃবৃন্দকে হত্যার অপচেষ্টা বন্ধ করে অবিলম্বে ঈদুল ফিতরের আগে শীর্ষ নেতৃবৃন্দ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নিজামী, আল্লামা সাঈদী, মুজাহিদ, আবদুল কাদের মোল্লা, কামারুজ্জামান, ছাত্রশিবির সভাপতি দেলাওয়ারসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দেয়া হোক। বক্তারা আরো বলেন, ইসলামকে চিরতরে উৎখাত করতে খোদাদ্রোহী ও নাস্তিক্যবাদিরা অপতৎরতা চালিয়ে যাচ্ছে। তাদের এসব অপতৎপরতা রুখে দিতে ইসলামপ্রিয় তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষায় সুদ, ঘুষ, মদ, জুয়া, দূর্নীতি, অশ্লীলতা ও বেহায়াপনা থেকে বিরত থাকার মাধ্যমে দেশ এবং জাতিকে পাপাচার মুক্ত করতে হবে। দেশে কঠিন ক্রান্তিকাল চলছে। খাদ্য দ্রব্যের মূল্যের উর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অন্তত পবিত্র রমজান মাসে হলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন। সমাবেশে নেতৃবৃন্দ, সকল মুসলমানের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হিসেবে দিনের বেলা হোটেল রেস্তোরা, সিনেমা হল ও টেলিভিশনে ছায়াছবিসহ সকল প্রকার অশ্লীল প্রদর্শণী বন্ধ রাখার মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। 
হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা
হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও র‌্যালী উত্তর সমাবেশ হাফেজ মাওঃ মুবিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম-সম্পাদক (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) মাওলানা ইয়াছিন হাবীব বলেন, রমজান মাসের পবিত্রতা রক্ষা, দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অশ্লীলতা বেহায়াপনা বন্ধে জেলার সর্বস্থরের জনসাধারণকে এগিয়ে আসতে হবে। পবিত্র রমজান মাসে মহা গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে এবং ১৭ই রমজান ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয়। সুতরাং রমজান মাসের ত্যাগের শিক্ষা ও ঐতিহাসিক বদর যুদ্ধের প্রেরণাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদ ও তাদের সহযোগী দোষরদের প্রতিহত করার জন্য আগামী দিনের আন্দোলন সংগ্রামে তৌহীদী জনতাকে অংশ গ্রহণ করার উদাত্ত আহবান জানান। সাথে সাথে ৫ই মে শাপলা চত্বরের শাহাদত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে সমাবেশের সভাপতি মাওঃ মুবিনুল হক সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।  
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের পৌর শাখার সহ-সভাপতি মাওঃ মঞ্জুরের ইলাহী, পৌর শাখার সেক্রেটারী মাওঃ সায়েম হোসেন চৌধুরী, খুরুশকুল ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ এমদাদুল্লাহ। সমাবেশ পরিচালনা করেন পৌর শাখার যুগ্ম সম্পাদক এরশাদুল হক আরমান।
হ্নীলা
টেকনাফের হ্নীলায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে দু’ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলন বর্ণাঢ্য র‌্যালী বের করে। 
জানা যায়, মঙ্গলবার (৯ জুলাই) আসরের নামাজের পর জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্য আয়োজনে উপজেলা ইসলামী ছাত্রশিবির র‌্যালী বের করে। র‌্যালীটি হ্নীলা ষ্টেশন থেকে দরগাহ ষ্টেশন হয়ে পূণরায় হ্নীলা ষ্টেশনের ছৈয়দুল্লাহ মার্কেটে এসে পথসভায় মিলিত হয়। উপজেলা সেক্রেটারী জাকারিয়া আলফাজের সভাতিত্বে অনুষ্ঠিত পথসভায় জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী  ও হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী প্রধান অতিথি, জেলা সমাজ কল্যাণ সেক্রেটারী ও হ্নীলা ইউপি চেয়ারম্যান মাস্টার মীর কাশেম, উপজেলা আমীর অধ্যক্ষ নূরুল হোছাইন ছিদ্দিকী, স্থানীয় জামায়াত নেতা মাস্টার ফরিদুল আলম বিএসসি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
অপরদিকে একই সময় ব্যানার-ফেস্টুনসহ বর্ণাঢ্যভাবে উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনও মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালী বের করে। আল-জামেয়া মসজিদ থেকে র‌্যালীটি বের হয়ে হ্নীলা ষ্টেশন, দরগাহ ষ্টেশন ও পুরাতন বাজার হয়ে পূণরায় হ্নীলা ষ্টেশনের চৌ-রাস্তায় এসে পথসভায় মিলিত হয়। মোঃ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় সাবেক জেলা সভাপতি আবদুল খালেক নিজামী প্রধান অতিথি, উপজেলা প্রচার সম্পাদক আবদুল আজিজ, সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল বশর, অর্থ সম্পাদক হাফেজ কবির আহমদ, পৌর সেক্রেটারী হাফেজ আবুল কালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments