তাহেরা আক্তার মিলি,টেকনাফ
২ স্বামীর সংসার করে তালাকপ্রাপ্ত এক যুবতীর সাথে জোরপূর্বক বিয়ে করিয়ে দিতে ১৬ বছরের এক বালককে ধরে নিয়ে গিয়ে গত ৪ দিন ধরে আটকে রেখেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে ।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে ঘটেছে এঘটনা । বর্তমানে বালকটি উখিয়া উপজেলার মনখালী গ্রামে মৃত শফিকের পুত্র ইসহাকের বাড়িতে আটকাবস্থায় রয়েছে বলে দাবী করেছেন অপহৃত বালকের পিতা মোঃ সুলতান । ৭ জুলাই দুপুরে শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাব-ইন্সপেক্টর (এসআই) বাবুল আজাদ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন । অপহরণের শিকার শামলাপুর আছারবনিয়া গ্রামের মোঃ সুলতানের পুত্র বালক হেলাল উদ্দিন (১৬)। বাহারছড়া ইউপি চেয়ারম্যানের প্রদত্ব জন্মনিবন্ধন সনদপত্র (নং-১৯৯৭২২১৯০১৫০২৮৪১৮) অনুসারে তার জন্ম তারিখ ২মার্চ ১৯৯৭ । অপহৃত বালক হেলাল উদ্দিনের পিতা মোঃ সুলতান জানান-গত ৩ জুলাই সন্ধ্যায় মনখালী ব্রীজের উপর থেকে উখিয়া উপজেলার মনখালী গ্রামের মৃত শফিক আহমদের পুত্র মোঃ ইসহাক সাঙ্গপাঙ্গ নিয়ে হেলাল উদ্দিনকে জোর পূর্বক ধরে নিয়ে যায়। এরপর তাকে বেদম মারধর করা হয়েছে। পরে তিনি শুনেছেন-মোঃ ইসহাকের যুবতী কন্যা ফাতেমা খাতুনের সাথে অভিভাবকদের মতামত ছাড়া জোর পূর্বক বিয়ে করিয়ে দেয়ার তৎপরতা চালাচ্ছে। তিনি আরো জানান- উক্ত ফাতেমা খাতুন ইতিপূর্বে আরও দু-স্বামীর সংসার করেছিল। আইসি বাবুল আজাদ জানান- বিষয়টি মনখালীর ইউপি মেম্বার সুলতান আহমদকে জানানো সত্বেও তিনি বিষয়টি সরলভাবে সুরাহা করেননি। উক্ত এলাকার মেম্বার হোছন আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।

0 Comments