Advertisement

আইনজীবীরা সামাজিক পরিবর্তনের কান্ডারি: স্পিকার

ঢাকা: রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ সিনেট হল মিলনায়তনে বাংলাদেশ আইন সমিতির সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে বাংলাদেশ আইন সমিতি’র পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ আইন সমিতিকে একটি একান্নবর্তী পরিবারের সাথে তুলনা করে জাতীয় সংসদের স্পিকার দলমত নির্বিশেষে সকল ভেদাভেদের উর্ধ্বে উঠে আইন সমিতির সদস্য হিসেবে জাতীয় জীবনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য বাংলাদেশ আইন সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ আইন সমিতি একটি কার্যকর প্রতিষ্ঠান উল্লেখ করে স্পিকার বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ আইন সমিতি’র রয়েছে সামাজিক দায়বদ্ধতা। এই দায়বদ্ধতা থেকে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ আইন সমিতির সদস্যদের স্ব স্ব অবস্থানে থেকে ভূমিকা রাখার সুযোগ রয়েছে।

আইনজীবীরা সামাজিক পরিবর্তনের কান্ডারি উল্লেখ করে স্পিকার বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল গণতান্ত্রিক আন্দোলনে আইনজীবীরা মূখ্য ভূমিকা পালন করে আসছে। আইনজীবীরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশে সামাজিক ন্যায়বিচার আরো ত্বরান্বিত হবে। আর সামাজিক ন্যায়বিচার ত্বরান্বিত হলেই দেশে ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস পাবে।

বাংলাদেশ আইন সমিতি’র সভাপতি এ কে আফজালুল মনির এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ আইন সমিতি’র সদস্য মোঃ মুজিবুল হক, মোঃ গোলাম মাওলা রনি, বিচারপতি মির্জা হোসেন হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ র ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ আইন সমিতি’র সাবেক সভাপতি ও সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক মোল্লা মোঃ আবু কাওছার, বাংলাদেশ আইন সমিতি’র সাবেক সভাপতি ওয়ালিউর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. শাহনাজ হুদা, লন্ডন আইন সমিতির সদস্য ও বাংলাদেশ আইন সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার নাজিমুল হক চৌধুরী এবং বাংলাদেশ আইন সমিতি’র অন্যান্য সদস্যবৃন্দ।

Post a Comment

0 Comments