আবুল কালাম আজাদ, টেকনাফ।
বিগত চারদলীয় জোট সরকারের শাসনামলের শেষের দিকে নির্মিত টেকনাফ পৌরসভার ১ নং ওয়ার্ডের নাইট্যং পাড়ায় অবস্থিত বাস টার্মিনালটি এখন মাদকদ্রব্য ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।
সেখানে রাতে তো দূরের কথা দিন-দুপুরেও সাধারণ লোকজন যাতায়াতে ভয় পাচ্ছে। এলাকার সূত্রে জানা যায়, গেল তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথবাহিনীর ভয়ে সকল প্রকার যানবাহন সেখানে অবস্থান করলেও বর্তমান সরকারের ক্ষমতায় আসার সাথে সাথে ট্রাক ও পিক-আপ ছাড়া বাকী সকল প্রকার যানবাহনের টার্মিনাল টেকনাফ পৌরসভার পুরাতন বাস স্টেশনে চলে আসে। ফলে ট্রাক, পিক-আপের চালক, হেলপার, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় অপরাধ জগতের হোতারা উক্ত টার্মিনালের কক্ষ, মাঠ নিজেদের দখলে নিয়ে মাদকদ্রব্য, জুয়া, গাঁজা, ইয়াবাসেবন, পতিতাবৃত্তিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এতে স্থানীয় সচেতনমহল বাধা দিলে তাদের আক্রমণসহ বিভিন্ন হুমকি-ধমকি চলে আসে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান। মাঝেমধ্যে আইনপ্রয়োগকারী সংস্থার লোকজন অভিযান চালালেও তারা চলে আসার সাথে সাথেই আবারও একই কাজের পুনরাবৃত্তি ঘটে। এর ফলে উক্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুব-সমাজ এদের দেখাদেখিতে লেখাপড়া বাদ দিয়ে ঐ কাজে জড়িয়ে পড়ছে বলে স্থানীয় লোকজন জানায়। স্থানীয় লোকজন জানায়, টার্মিনালের উত্তর পার্শ্বে জামাল ও মোহছেনা বাড়িতে মাদকদ্রব্য ও পতিতাবৃত্তি কাজ চলে হরদম। এমনকি টার্মিনালের চতুর্পাশে হাত বাড়ালেই পাওয়া যায় মাদকদ্রব্য। এ ব্যাপারে এলাকাবাসী নবনির্মিত বাস টার্মিনালটিকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার জন্য স্থানীয় প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করছেন।

0 Comments