Advertisement

মিয়ানমারে বাংলাদেশের ৫৫, বাংলাদেশে মিয়ানমারের ২৭১ ব্যবসায়ী আটকা

আব্দুল্লাহ মনির, টেকনাফ থেকে: বাংলাদেশের ৫৫ ব্যবসায়ী মিয়ানমারের মংডু টাউনশিপে আটকা পড়েছেন। অন্যদিকে বাংলাদেশে আটকা পড়েছেন মিয়ানমারের ২৭১ জন ব্যবসায়ী। গত এক সপ্তাহ ধরে দেশটিতে মুসলিম, বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইন ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে দাঙ্গা চলতে থাকায় তারা দেশে ফিরতে পারছেন না। দীর্ঘ দিনের রেওয়াজ মেনে এরা স্থানীয় ভাবে পারমিট সংগ্রহ করে মিয়ানমার যান।
টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন এ প্রসঙ্গে ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিয়ানমারে আটকা পড়া বাংলাদেশিদের ফেরত আনার জন্য বিভিন্ন ভাবে যোগাযোগ করা হচ্ছে।
শুক্রবার রাত থেকে ওই ঘটনাকে কেন্দ্র করে মংডু টাউনশিপে কারফিউ জারি করায় মুসলিম সমপ্রদায়ের লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না এবং বাংলাদেশ-মিয়ানমারের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।
টেকনাফ স্থল বন্দরের ইমিগ্রেশন ইনচার্জ মো. কাদের সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ৫৫ বাংলাদেশি ব্যবসায়ী আটকা পড়ার বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।
তিনি জানান, মিয়ানমারের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নাসাকা বাহিনী নৌপথ অবরোধ করে রাখায় কোনও নৌযান চলাচল করতে পারছে না। তবে সর্বোচ্চ চেষ্টা চলছে যাতে বাংলাদেশি ব্যবসায়ীদের দ্রুত উদ্ধার করা যায়।
এসব ব্যবসায়ীদের নাসাকা বাহিনী আটকে রেখেছে কী না জানতে চাইলে ইমিগ্রেশনের ওই কর্মকর্তা বলেন, সেটা নিশ্চিত হওযা যায়নি। তবে তারা যে দেশে ফিরতে পারছেন না তা নিয়ে কোনও সন্দেহ নেই।
এ মুহূর্তে নদী পথে সীমান্ত সংলগ্ন অঞ্চলগুলোতে নাসাকার ন্যায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা কঠোর নজরদারিতে রেখেছে।
৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো জাহিদ হাসান জানান, মিয়ানমারে সৃষ্টি সাম্প্রদায়িক দাঙ্গার পর থেকে টেকনাফ সীমান্তে বিজিবির নজরদারীতে রাখা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

Post a Comment

0 Comments