Advertisement

সীমান্তে আবারো রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা টেকনাফে ১৫০ জন সহ ৬ ট্রলার মিয়ানমারে ফেরত

জিয়াবুল হক
এক দু’দিন বন্ধ থাকার পর আবারো বানের পানির মত দলে দলে রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা আসছে বাংলাদেশে। উখিয়া-টেকনাফ ও পার্বত্য বান্দরবানের থানচি সহ
সীমান্তের বিভিন্ন পয়েন্টে এদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। নারী, পুরুষ, শিশু বোঝাই এসব রোহিঙ্গাবাহী ট্রলার ও নৌকা যেখানেই পাচ্ছে, সেখানেই বিজিবি ও কোস্টগার্ড প্রতিহত করছে। তবুও মিয়ানমার থেকে পালিয়ে আসা এসব মানুষের আবেদন, একটু আশ্রয় দিন। কিন্তু সীমান্তরক্ষিরা নাছোড় বান্দা। কোন অবস্থায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের আর সম্ভব হচ্ছে না, তাই তাদের মানবিক সহযোগিতা দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের স্বদেশ মিয়ানমারে। কিন্তু রোহিঙ্গারা বলছেন, মিয়ানমারে নাসাকা ও পুলিশ (লুন্টিং) বাহিনী তাদের আবারো নতুন করে জুলুম নির্যাতন চালাচ্ছে। এ নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে তারা ধেয়ে আসছে বাংলাদেশে। এ অবস্থায় সোমবার টেকনাফ সীমান্তে কর্তব্যরত বিজিবি ও কোস্টগার্ড পৃথক পৃথক অভিযানে টেকনাফের শাহপরীরদ্বীপে রোহিঙ্গা বহনকারী ৬টি ট্রলার আটক করেছে।
জানা যায়, সোমবার ভোরে ১৩ জন রোহিঙ্গা ভর্তি একটি ট্রলার শাহপরীরদ্বীপ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে। পরে সকাল ৭ টার দিকে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়। অপরদিকে দুপুর ১২ টায় ৫টি ট্রলারে করে ১৩৭ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি ও কোস্টগার্ড একইভাবে তাদেরকেও আটক করে। পরে সন্ধ্যা ৬ টায় তাদেরকে শাহপরীরদ্বীপ পয়েন্ট দিয়ে মিয়ানমারে ফেরত পাঠানো হয়। টেকনাফস্থ ৪২ বিজিবির ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান, রোহিঙ্গাদের বাংলাদেশ অনুপ্রবেশের গতি থামিয়ে তাদের ফেরত পাঠানো হয়েছে। ভবিষ্যতেও যারা আসবে তাদের পাঠিয়ে দেয়া হবে। কোন অবস্থায় তাদের আর অবৈধভাবে বাংলাদেশে ঢুকতে পারার সুযোগ নেই।

Post a Comment

0 Comments