জানাজায় মানুষের ঢল : সর্বত্রে শোকের ছায়া
মোবারক উদ্দিন নয়ন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন একই পরিবারের সদস্য বলে
জানিয়েছে পুলিশ। চকরিয়া থানার ওসি মো. ফরহাদ জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চকোরিয়ার ফাঁসিয়াখালী এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজার থেকে ফেনীমুখী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের সাত আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয় বলে জানান তিনি। ঘটনাস্থলে নিহত সাতজন হলেন কক্সবাজার শহরের টেকপাড়ার ব্যবসা প্রতিষ্ঠান হোসেন ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী শেখ মর্তুজা হোসেন (৬৫), শেখ ইত্তিজা হোসেন (৬০), শেফায়েতুল আলম (৫০), সাবরিনা সুলতানা (২০), হোসনে আরা (৪৫), আভা (৮) এবং মাইক্রোবাসের চালক ও মালিক মোহাম্মদ শাহজাহান। তাদের মধ্যে হোসেন পরিবারের সদস্যরা কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। আর চালক শাহজাহানের বাড়ি শহরের বাহারছড়া এলাকায়। দুর্ঘটনার পরপই আহত ১৫ জনকে মালুমঘাট ক্রিশ্চিয়ান মেমোরিয়াল হাসপাতাল ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মো. শাহীন (৪০), আইরিন ও মোবারক নামের তিনজনকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শাহীন।
এদিকে কক্সবাজারের স্মরণকালের ভয়াবহ এই সড়ক দূর্ঘটনার সংবাদে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। গতকাল অকালে নিহত ৮জনের লাশ ময়না তদন্ত শেষে কক্সবাজার স্টেডিয়ামে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনতার ঢল নামে। সড়ক দূর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে বিবৃতি পাঠাচ্ছেন দৈনিক কক্সবাজারবাণী সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খান নিহতদের আত্মার মাগফেরাতের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবদেনা জানিয়েছেন।


0 Comments