কায়সার হামিদ মানিক
কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকা ইনানীর ৩ এতিম সন্তানের জমি হাতিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উখিয়া ভূমি অফিসে বাদী বিবাদী পক্ষের মধ্যে
হাতাহাতি, মারামারির ঘটনায় অফিসের প্রয়োজনীয় কাগজ পত্র তছনছ করা হয়েছে। এ সময় দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ এনেছে সংশ্লিষ্ট কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভূমি অফিসের নেজারত শাখায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে উখিয়া থানায় একটি অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, এ উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী গ্রামের মৃত ফজল করিমের দ্বিতীয় স্ত্রীর পুত্র তানজিলা তাহানিয়া (১৮), রুজিনা কাউছার রুজি ও এহসানুল করিম (১২) তিন সন্তানকে এতিম করে ১২ বছর আগে পিতা মাতা মারা যায়। এ অবস্থায় তাদের নিকটতম আত্মীয় রহমত উল্লাহ বাহাদুর (৩৩) তিন এতিম সন্তানদের আশ্রয় দিয়ে লেখা পড়া সহ ভরণ পোষন করে আসছিল। ইতিমধ্যে তাদের সৎ ভাই ছৈয়দ নূর (৫৫) দীর্ঘ ৩০ বছর প্রবাস জীবন কাটিয়ে দেশে আসে এবং এতিম তিন সন্তানদের পৈত্রিক সম্পত্তি বিক্রি করে দেয়। এ ঘটনা জানার পর বাহাদুর তিন সন্তানের নামে প্রায় ৩ একর সম্পত্তি নামজারী সম্পন্ন করে। এতে ঘটনা সূত্র পাথ হয়। উক্ত নামজারীর বিরোধীতা করে ছৈয়দ নূর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি অভিযোগ করেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় অভিযোগের শুনানির দিন ছিল। রহমত উল্লাহ বাহাদুর সাংবাদিকদের অভিযোগ করে জানান, শুনানির দিন পরিবর্তন করে সময়ের একটি আবেদন করার জন্য বিবাদী এহেসানকে সাথে করে ভূমি অফিসে গেলে আগে থেকে উৎপেতে থাকা ছৈয়দ নূর ও অপরাপর ৪/৫ জন সহযোগী একযোগে হামলা চালিয়ে নেজারত শাখার কাগজ পত্র তছনছ করে এতিম এহেসানকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় উপস্থিত লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষরা ভূমি অফিস ত্যাগ করে। ভূমি অফিসের নেজারত শাখার কর্মকর্তার মনোহরী দত্ত এ ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে রহমত উল্লাহ বাহাদুর বাদী হয়ে উখিয়া থানায় একটি অভিযোগ করেছে।

0 Comments