কায়সার হামিদ মানিক
কক্সবাজারের উখিয়ার বালুখালী টিভি রিলে কেন্দ্র এলাকায় প্রতিষ্ঠিত আম বাগান প্রকল্প অল্প দিনেই উৎপাদনশীল প্রতিষ্ঠান হিসাবে এলাকায় সর্ব মহলের
নজর কেড়েছে। আম বাগানকে ঘিরে গড়ে উঠা লেক, পাম অয়েল সহ রাবার বাগানের নয়নাভিরাম দৃশ্য নিয়ে অপরূপ সৌন্দর্য্যে বিদ্যমান এ প্রকল্প হতে পারে উখিয়ার আরো একটি সম্ভাবনাময়ী পর্যটন স্পট।
টেকনাফের কৃতী সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকা সম্পাদক মন্ডলীর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াহিয়ার অর্থায়নে কক্সবাজার-টেকনাফ সড়কের টিভি রিলে কেন্দ্রের অদূরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আওতায় ২৫ একর বনভূমির জায়গার উপর অর্থকরী ফসল আম বাগান গড়ে তোলার জন্য ২০০৬ সাল থেকে উক্ত বন ভূমির পরিত্যাক্ত জায়গাকে শাহপূরী গার্ডেনে রূপান্তর করার কাজ শুরু হয়। পাহাড়, টিলা, ঝিরি ও লেক নিয়ে প্রাকৃতিকভাবে গড়ে উঠা উক্ত জমিতে প্রায় তিন হাজার আম গাছ রোপন করা হয়। তৎমধ্যে আম্রপালী, ফজলী, ল্যাংড়া, সুবর্ণ, কাচা মিটা, তোতাবড়ী, ইন্ডিয়ান ফজলী ও সুরমা ফজলী সহ বিভিন্ন প্রজাতির আম গাছ রয়েছে। এছাড়া কাঠাল, লিচু, জলপাই, খেজু, বাদাম গাছে ভরপুর এ আম বাগানের পাশেই ২৫ একর জায়গার উপর গড়ে তোলা হয়েছে পাম অয়েল বাগান ও রাবার চাষ প্রকল্প। এ ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতীর বনজ ও ঔষুধি গাছের সমারোহ। প্রকল্পের কেয়ারটেকার ছৈয়দ আলম জানান, শাহপূরী গার্ডেনে বিভিন্ন প্রকল্পের মধ্যে আম বাগানকে একটি পূর্ণাঙ্গ উৎপাদনশীল প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য এ পর্যন্ত প্রায় ২৫ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে গড়ে উঠা আম বাগানটির সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করা হলে প্রতি বছরে ২৫ লক্ষাধিক টাকার আম বাজারজাত করা সম্ভব। পাশাপাশি এ প্রকল্পের আওতায় প্রায় শতাধিক বেকার মহিলা পুরুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। শাহপুরী গার্ডেনের একটি উন্নয়নশীল প্রতিষ্ঠান উক্ত আম বাগানের উৎপাদিত আম দেখার জন্য এখানে সকাল-সন্ধ্যায় অহরহ নারী-পুরুষ ভিড় জমাচ্ছে। স্থানীয় অভিজ্ঞ মহলের মতে উক্ত আম বাগানকে আধুনিকায়ন ও উন্নয়ন করে এখানে বিনোধন ও জনআকৃষ্ট মূলক কিছু কাজ করা হলে এটি একটি পর্যটন স্পট হিসাবে পরিচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

0 Comments