Advertisement

পেকুয়ায় বখাটে পুত্রের হামলায় পিতাসহ আহত-৫



শহিদুল ইসলাম হিরু,পেকুয়া :
পেকুয়ায় বখাটে পুত্রের হামলায় পিতাসহ ৫ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা এলাকায়। জানা যায়, স্থানীয় মৃত সুলতান আহম্মদের পুত্র হাজী আমিন শরীফ নামের এক ব্যক্তির ৭পুত্র ও ৩ মেয়ের মধ্যে প্রথম পুত্র আবু বক্কর(৩৮) পিতার অবাধ্য হয়ে বখাটেপনায় লিপ্ত হওয়ায় তার পিতা তাকে যাবতীয় লেনদেন চুকিয়ে দিয়ে পৃথক করে দেয়। কিন্তু ওই পুত্র পৃথক হয়েও পিতা ও তার পরিবারের উপর নানা নিপীড়ন চালিয়ে আসছিল। তাতে পিতা বাধ্য হয়ে অবাধ্য পুত্র আবু বক্করের বিরুদ্ধে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার চাইলে থানার অফিসার ইনচার্জ ওই অবাধ্য পুত্রকে থানায় ধরে হাজতে আটকিয়ে রাখলে আবু বক্কর পরিবারের সাথে আর কোন বেয়াদবী করবেনা মর্মে লিখিত মুচলেখা দিয়ে ছাড়া পান। ছাড়া পেয়েই কিছু দিন যেতে না যেতেই অবাধ্য পুত্র আবারো পরিবারের উপর নির্যাতন নিপীড়ন শুরু করলে পিতা হাজী আমিন শরীফ পুত্রের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের নিকট আইনগত প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে অবাধ্য বখাটে পুত্র ক্ষিপ্ত হয়ে গত ২৯মার্চ রাত আনুমানিক ১২টার সময় লোহার রড, ধারালো কিরিচ, লাঠিসোটা নিয়ে ১০/১২জনের স্বশস্ত্র সন্ত্রাসী নিয়ে পিতার বাড়ীতে ঢুকে তার পিতাকে অকথ্যভাষায় গালি-গালাজ শুরু করলে তার ছোট ভাই প্রবাসী আবু জাফরের স্ত্রী জেয়াসমিনসহ অন্যরা বাঁধা দিলে বক্কর তার ভাইয়ের স্ত্রীকে মারধর শুরু করেন। এতে জেয়াসমিন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে বখাটে আবু বক্কর লোকজন নিয়ে বাড়ীর ভিতর ঢুকে তাদের আলমীরায় থাকা আনুমানিক প্রায় পাঁচ ভরি ওজনের স্বর্নালংকার, নগদ ৩০হাজার টাকাসহ মুল্যবান প্রায় ৩লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ওই ঘটনাকে কেন্দ্র করে হাজী আমিন শরীফ গং স্থানীয় মেম্বার শাহ আলমসহ সর্দ্দার-মাতবরদের অবগত করলে গতকাল ৩০মার্চ সকাল ৮টার সময় দু’পক্ষের লোকজনকে স্থানীয় মেম্বারের বাড়ীতে শালিষী বৈঠকে ডাকেন। বৈঠক শুরু হলে বখাটে আবু বক্কর দলবল নিয়ে শালিষী বৈঠকেই অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে আমিন শরীফ(৭০), তার ভাই হাজী বজল আহাম্মদ(৬৫), আমিন শরীফের পুত্র মো: কায়সার(৩০), শফিউল আলম(২৫) নামের ৫জন গুরুত্বর আহত হন। আহতদের পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হলেও পিতা হাজী আমিন শরীফের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো: শাহ আলম ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, পিতার অবাধ্য পুত্রের অসদাচারনে সমাজে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

Post a Comment

0 Comments