আমান উল্লাহ আমান, টেকনাফ:
টেকনাফে ২০ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছে। ১৭ এপ্রিল টেকনাফ উপজেলার উপকূলীয় জনপদ বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী গ্রামের হাজী ছাবের আহমদের পুত্র খাইরুল আমিনের মালিকানাধীন ফিশিং ট্রলারে ধরা পড়েছে এ মাছ। ২০ কেজি ওজনের পোপা মাছটি নগদ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে। খাইরুল আমিনের সাথে কথা বলে জানা যায়- প্রতিদিনের মতো ১৭ এপ্রিল মঙ্গলবার সকালে ফিশিং ট্রলার নিয়ে উত্তর শিলখালী ঘাট দিয়ে পশ্চিম বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়েছিল। যথা সময়ে জাল টেনে দেখা যায় অন্যান্য মাছের সাথে একটি বিশাল আকার পোপা মাছ। তীরে এসে ওজন দিয়ে দেখা যায়- মাছটির ওজন ২০ কেজি। এ খবর ছড়িয়ে পড়লে অসংখ্য লোক মাছটি এক নজর দেখার জন্য ভীড় জমায়। উল্লেখ্য, এত বেশি ওজনের পোপা মাছ ইতিপূর্বে টেকনাফে ধরা পড়েনি।

0 Comments