শাহজালাল শাহেদ, চকরিয়া:
চকরিয়ায় পেপার এজেন্সীর দোকানে সরকারী বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের লেলিয়ে দেয়া শিক্ষার্থীরা লাঠি-সোটা হাতে নিয়ে হামলা দেয়ার ঘটনা ঘটিয়েছে। ঘটনা বুঝে উঠার আগেই হাতাহাতির সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলায় সাংবাদিক, পৌর ট্রাফিকসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌর ট্রাফিকদের ধাওয়ায় বিক্ষুব্ধ ছাত্ররা পালিয়ে যায়। শনিবার (৩১মার্চ) সকাল ১১টার দিকে আকষ্মিক পৌর শহরের মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও তথ্য সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানের উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পূর্বের আভ্যন্তরীণ জটিলতাকে কেন্দ্র করে বিদ্যালয়ে একটি তদন্ত দল আসাকে ঘিরে চকরিয়া সরকারী বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের লেলিয়ে দেয়া শত-শত শিক্ষার্থী লাঠি সোটা হাতে নিয়ে পৌর শহরের চিরিঙ্গায় উঠে পড়ে। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক তদন্ত দল আসার পেছনে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ভূমিকা রয়েছে বলে উল্লেখ করে ওই ছাত্রের ব্যবস্থাপনাধীন প্রতিষ্ঠান জয়নাল পেপার এজেন্সীতে হামলা চালায়। ঘটনাস্থলে বিক্ষুব্ধ ছাত্ররা এজেন্সীতে রক্ষিত জাতীয়, আঞ্চলিক ও স্থানীয়সহ বিভিন্ন পর্যায়ের পত্রিকা এলোপাতাড়ি তান্ডব চালিয়ে তছতছ করে। ঘটনা চলাকালীণ আধঘন্টা ব্যাপী ওয়ানওয়ে সড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বিদ্যালয়ের ছাত্রদের বুঝিয়ে পরিস্থিতি নিবৃত করতে পেশাগত দায়িত্ব পালনকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলায় সাপ্তাহিক গণসংযোগের সম্পাদক একেএম নাছির উদ্দিন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এদিকে এ ব্যাপারে বাউবি সমন্বয়কারী শহীদ উদ্দিন মোর্শেদের কাছে জানতে চাইলে তিনি ঘটনার বিষয়ে কোন কিছু জানেন না বলে দাবী করলেও বিদ্যালয়ে ক্লাস চলাকালীণ বাহির থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের কথা স্বীকার করেন। তবে তিনি কি হয়েছে, কার সাথে হয়েছে, এ ধরনের তো হওয়ার কথা না, এভাবে বলে ঘটনাটি সম্পর্কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। অপরদিকে বিষয়টি অবহিত হলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে বড় ধরনের কোন অঘটনের খবর পাওয়া যায়নি।

0 Comments