Advertisement

ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট বন্ধে বিটিআরসির উদ্যোগ

শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আদালতের নির্দেশে পাঁচটি ফেইসবুক পেইজ এবং একটি ওয়েবসাইট বন্ধের উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুক কর্তৃপক্ষকে পেইজগুলো বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটটিও বন্ধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 এছাড়া ওই ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট সংশ্লিষ্টদের চিহ্নিত করতে তদন্তে নেমেছে সাইবার ক্রাইম প্রতিরোধে গঠিত বিশেষ দল ‘বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইনসিডেন্ট রেসপন্স টিম (সিএসআইআরটি)’।

বিটিআরসির একজন ‘সাইবার অপরাধ’ বিশেষজ্ঞ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিটিআইসি ফেইসবুকের কোনো পৃষ্ঠা বন্ধ করতে পারে না। এটা করতে হলে বাংলাদেশ থেকে ফেইসবুক বন্ধ করে দিতে হবে। এ কারণে ফেইসবুক কর্তৃপক্ষকে ওই পৃষ্ঠাগুলো বন্ধের ব্যবস্থা নিতে বলা হয়েছে।”

বিটিআরসির তিন জন বিশেষজ্ঞকে নিয়ে সিএসআইআরটি গত ২৫ জানুয়ারি থেকে সাইবার অপরাধ প্রতিরোধে কাজ কারছে বলে জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, “যে ওয়েবসাইটের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে, সেটি বন্ধের জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সংশ্লিস্টদের চিহ্নিত করার পরই তা বন্ধ করা হবে।”

ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটটির ঠিকানা প্রকাশ করতে রাজি হননি ওই বিশেষজ্ঞ।

হযরত মুহাম্মদ (স.) ও ইসলাম সম্পর্কে কটূক্তি করার অভিযোগে একটি রিট আবেদন হওয়ার পর বুধবার ফেইসবুকের পাঁচটি পেইজ এবং একটি ওয়েবসাইট বন্ধের ব্যবস্থা নিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়।

একইসঙ্গে ওই ওয়েবপেইজ ও ওয়েবসাইট সংশ্লিষ্টদেরও চিহ্নিত করতে বলেছে আদালত। 

Post a Comment

0 Comments