আমিনুল ইসলাম
টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের ডাকাত কবলিত এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯জন ডাকাতসহ বিভিন্ন মামলার ১৪০ পলাতক আসামীকে
গ্রেপ্তার করেছেন। দুর্গম পাহাড়ী এলাকায় ডাকাত আস্তানায় হানা দিয়ে ১টি কাটা বন্দুক ও ২টি দেশীয় তৈরি লম্বা বন্দুক উদ্ধার করেছেন।
ডাকাত কবলিত জনপদ হোয়াইক্যংয়ের ডাকাত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ অপরাধ কর্মকান্ড প্রতিরোধ করে এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে কক্সবাজার জেলা পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরের নির্দেশে হোয়াইক্যং ফাড়ীর পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে পুলিশ অসাধারণ সফলতা অর্জন করেন। হোয়াইক্যং ফাড়ীর বর্তমান দায়িত্বরত ইনর্চাজ মাহফুজুর রহমান বিশেষ টিম নিয়ে দুঃসাহসী অভিযান পরিচালনা করে ডাকাত ও ফেরারী আসামীদের গ্রেপ্তারে সক্ষম হন।
সুত্রে জানাযায়-গত ২৬ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় পুলিশ ডাকাত আস্তানা নামে খ্যাত কুদুম গুহা এলাকায় হানা দেয়। এ সময় পুলিশের তাড়া খেয়ে স্বশস্ত্র ডাকাত দল ৩/৪ রাউন্ড গুলি বর্ষণ করে দিকবেদিক পালিয়ে গেলে পুলিশ আস্তানায় তল্লাশী চালিয়ে ২টি দেশীয় তৈরী লম্বা বন্দুক উদ্ধার করেন। এছাড়া ২৫ফেব্রুয়ারী রাত ১১ টায় কান্জর পাড়া এলাকার গহীন বনে একটি স্বশস্ত্র গ্রুপ অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে একটি কাটা বন্দুক উদ্ধার করেন।
এদিকে ফাড়ীর সহকারী ইনচার্জ মাহফুজুর রহমান জানান- বিভিন্ন পাহাড়ী এলাকা, প্যারাবন ও দুর্গম গ্রামীণ এলাকায় ৯জন ডাকাত সদস্যসহ নারী নির্যাতন, অপহরণ ও বন মামলার ১৪০জন পলাতক আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়। বর্তমানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পুলিশের অভিযানের ফলে সন্ত্রাসীদের মধ্যে আতংক দেখা দিয়েছে।

0 Comments