মোবারক উদ্দিন নয়ন
ঢাকা মুক্তিযোদ্ধা সংসদের বিরুদ্ধে দুঃসহ স্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়েছে কক্স সিটি এফ সি। বাফুফে আয়োজিত ফেডারেশন কাপের চূড়ান্ত পূর্বে কক্স সিটি এফসি ১-০ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোটিং ক্লাবকে। গতকাল ৬ জানুয়ারী বেলা ৩টায় ঢাকার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে কক্স সিটি এফসির এ স্মরনীয় জয়ের নায়ক ট্রাইকার সাইফুদ্দিন। ম্যাচের ৩৮ মিনিটে অধিনায়ক মাসুদের ছোট কর্ণার কিক ডিফেন্ডার করিম হাওয়ায় ভাসিয়ে দেন। আর তাতে লাফিয়ে উঠে প্রচন্ড হেডে মোহামেডানের গোল রক্ষক টিটুকে পরাস্ত করেন কক্স সিটির তরুণ স্ট্রাইকার সাইফুদ্দিন। অথচ ম্যাচ শুরুর আগে শক্তির বিচারে দেশীয় ফুটবলের ঐতিহ্যের ধারক বাহক ঢাকা মোহামেডান প্রতিপক্ষ কক্স সিটির চাইতে এগিয়ে ছিল যোজন যোজন দূরত্বে। কেননা মোহামেডানের কোচ লাইজেরিয়ার হয়ে বিশ্বকাপ খেলা এমেকা। দলে ৬/৭ জন জাতীয় তারকার পাশাপাশি আছেন ৪ লাইজেরিয়ান। অথচ পরাক্রমশালী মোহামেডানকে ময়দানী লড়াইয়ে বিন্দু মাত্র ছাড় দেয়নি কক্সবাজারের লোকাল হিরু মাসুদ, বিপ্লব, করিম, খালেদ, আবছাররা। উল্টো মোহামেডানের কফিনে শেষ পেরাকটি টুকে দেন কক্স সিটি। গোল হওয়ার আগ পর্যন্ত মধ্যমাঠে পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল কক্স সিটির ভরসার প্রতীক হয়ে উঠা মধ্যমাঠ। ১ গোলের লিড নিয়ে শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে কক্স সিটি ডিফেন্স আগলে রেখে কাউন্টার এ্যাটাক নির্ভর ফুটবল খেলে। কক্স সিটির টিম ম্যানেজার কাম কোচ খালেদ মোশাররফের এ টেকনিকে শেষ পর্যন্ত খেলোয়াড়রা শত ভাগ সফল হয়। এ জয় নিয়ে কক্স সিটি এফ সি কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছে। চূড়ান্ত পূর্বের প্রথম ম্যাচে ২ জানুয়ারী কক্স সিটি ১০-০ গোলের বিশাল ব্যবধানে হার মানে দেশের অন্যতম সেরা ফুটবল দল মুক্তিযোদ্ধা সংসদের কাছে। এ ম্যাচে কক্স সিটি সেরা একাদশের ৪ ফুটবলার অসুস্থতার কারণে মাঠে নামতে পারেনি। তাছাড়া ম্যাচের শুরুতে নিয়মিত গোলরক্ষক রাজন লাল কার্ড দেখলে কক্স সিটি ১০ জনের দলে পরিণত হয়। শক্তি ভঙ্গুর কক্স সিটির বিরুদ্ধে স্বভাবতই শক্তিধর মুক্তিযোদ্ধা গোল উৎসবে মেতে উঠে। এদিকে গতকাল কক্স সিটির এ স্মরনীয় জয়ের পেছনে অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লবের ভুমিকা ও ছিল অগ্রগণ্য। সামপ্রতিক সময়ে ফুটবল ছেড়ে ধর্ম-কর্ম নিয়ে বেশী ব্যস্ত বিপ্লব মোহামেডানের নিশ্চিত চারটি গোলের সুযোগ ভেস্তে দেন। আগামী ১০ জানুয়ারী গ্রুপ পর্বের শেষ ম্যাচে কক্স সিটি ঢাকার মাঠের নতুন জায়ান্ট বিজেএমসির বিরুদ্ধে খেলবে।
এদিকে কক্স সিটির অধিনায়ক মাসুদ এক প্রতিক্রিয়ায় দলের এ স্মরনীয় ও ঐতিহাসিক জয় কক্সবাজারবাসীর কাছে উৎসর্গ করেছেন। তিনি দেশীয় ফুটবলের নতুন শক্তি কক্স সিটির সুখে-দুখে পাশে থাকার জন্য জেলাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন।
কক্স সিটি এফ.সি ঃ
আজম খালেদ বিপ্লব, ছৈয়দ করিম, সিরাজুল করিম, মনসুর, সালাহ উদ্দিন (সোহেল), মাসুদ, আবছার, খালেদ, সুমন (শফি), সাইফুদ্দিন, সেলিম, (আরিফ)।

0 Comments