Advertisement

কক্সবাজারে থার্টিফাস্ট নাইটকে ঘিরে পর্যটকদের নিরাপত্তায় পুলিশের দফায় দফায় বৈঠক


পুরাতন বছরকে বিদায় আর নতুন বছর ২০১২ কে স্বাগত জানাতে কক্সবাজারে আগত পর্যটকদের বাড়তি নিরাপত্তা এবং হয়রানী রোধে প্রশাসনের প্রস্তুতি নিয়ে পৃথক বৈঠক করেছে কক্সবাজার পুলিশ। বৃহস্প্রতিবার রাতে হোটেল মালিক এবং শুক্রবার সাংবাদিকদের সাথে পৃথক বৈঠকে মিলিত হন কক্সবাজার পুলিশ সূপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর।
হোটেল মালিকদের সাথে বৈঠকে পুলিশ সূপার বলেন,থার্টি ফার্স্ট নাইটে অনুমোদিত বার ছাড়া অন্য কোথাও মদ খেয়ে অশ্লীল নৃত্য পরিবেশন ও গান বাজনা করা যাবে না। একই সাথে শহরের বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসিয়ে প্রত্যেক গাড়ী তল্লাশী করা হবে। এ ছাড়া কোন ধরনের অসামাজিক কার্যকলাপও করা যাবে না। 
তিনি আরো বলেন, কটেজ থেকে শুরু করে তারকা মানের হোটেল গুলোর হল রুমে বিভিন্ন অনুষ্ঠানের এক পার্শ্বে কোন প্রকার মদের দোকান বসাতে দেয়া হবে না। আর এ নির্দেশ কেউ ভঙ্গ করলে তা কঠোর হস্তে দমন করা হবে। 
সাংবাদিকদের সাথে বৈঠককালে পুলিশ সূপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, থার্টিফাস্ট নাইটে হোটেলেগুলোতে পুলিশী তৎপরতা থাকবে। কারণ ট্যুরিজম মানে কোন উচ্ছৃংখলতা নই। ওই রাতে আনন্দ উদযাপনে সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ সুপার বলেন, নিরাপত্তার ব্যাপারে কোন ধরনের আপোষ করা হবে না। যেহেতু এ আইন গুলো জনস্বার্থে প্রয়োগ করা হবে। আর এসব আইন প্রয়োগের সময় কারো চোখ রাঙানো সহ্য করা হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ সূপার। প্রথম সভায়  হোটেল-গেস্ট হাউজ ও কটেজ মালিকদের পক্ষে বক্তব্য রাখেন আবুল কাশেম সিকদার, আবুল হোসেন চেয়ারম্যান, আলী হাসান চৌধুরী, শফিকুর রহমান, রমজান আলী সিকদার, দিদারুল আলম প্রমুখ। দ্বিতীয় পর্যায় কক্সবাজারে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, সহকারী পুলিশ সুপার তোফায়েল আহমদ ও খালেকুজ্জামান, কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ বদরুল আলম তালুকদার  ও ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ আসাদ চৌধুরী উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments