Advertisement

উখিয়ার পিনজিরকুল রাস্তার বেহাল দশা : ১০ হাজার মানুষের চলাচল অনিশ্চিত


জসিম উদ্দিন চৌধুরী:                                                                
উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের পিনজিরকুল গ্রামসহ কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার জনসাধারণের একমাত্র চলাচলের রাস্তার চরম বেহাল অবস্থায় স্থানীয় লোকজনকে প্রতিনিয়ত পোহাতে হচ্ছে অসহনীয় জন দুর্ভোগ। পিনজিরকূল রাস্তা দিয়ে চলাচল করতে হয় ঘোনার পাড়া, তুতুরবিল, পাইন্যাশিয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে। এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায় ১০ হাজারের অধিক মানুষকে শুষ্ক মৌসুমের পাশাপাশি বর্ষাকালে ও মহা বিপদে পড়তে হয়। এসব গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগের চিত্র স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের এখনও নজর পড়েনি। পিনজিরকুল গ্রামের তরুণ সমাজ সেবক ও ব্যবসায়ী জিয়াউল হক জিয়া বলেন, প্রায় ৬/৭ বছর যাবৎ পিনজিরকুল সড়ক দিয়ে চলাচলকারী কয়েকটি গ্রামের মানুষের দুর্ভোগের সীমা নেই বললেই চলে।
গত শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়, পিনজিরকুল এ জনগুরুত্বপূর্ণ রাস্তার মাঝখালে স্থানীয় শামশুল আলম সওদাগরের বাড়ীস্থ রাস্তায় সিমেন্টের তৈরী একটি ছোট্টপুল থাকলেও বর্ষা মৌসুমে ওই পুল দিয়ে পানি চলাচল সংকুলন না হয়ে রাস্তার উপর দিয়ে পানি চলাচল করে এবং শুষ্ক মৌসুমে পুলের দু’পাশে মাটি না থাকায় সব ধরনের যান চলাচলে ব্যাঘাত হচ্ছে।
এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির জানান, আগামী বাজেটে একটি কালভার্ট ও রাস্তাটি ব্রীক সলিনের আওতায় আনার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রকল্প হাতে নেওয়া হবে। স্থানীয় বাসিন্দা উখিয়া ডিগ্রী কলেজের প্রভাষক শাহ আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিনিয়ত এ সড়ক দিয়ে চলাচল করতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হলেও জনপ্রতিনিধিদের কোন মাথা ব্যথা নেই। এ প্রসঙ্গে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, পিনজিরকুল সড়কের রক্ষনাবেক্ষণ ও সংস্কারের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments