Advertisement

৭টি শো নিয়ে ন্যান্সি


পলাশ,বিনোদন প্রতিবেদক:
ঠাণ্ডা লেগে গলা প্রায় বসা।কথা বলতেও কষ্ট হচ্ছে। তারপরও পর পর ৭টি শো করতে হবে ন্যান্সিকে। কারণ কিছুই করার নেই, শিডিউল আগে থেকেই তৈরি। পরিত্রাণের কোন উপায় নেই। তাই এ অবস্থার মধ্যেই এক সপ্তাহ একেবারে টানা শো করতে হবে এ সময়ের সবচেয়ে আলোচিত এ নারীকণ্ঠকে। তবে কণ্ঠ বসা থাকলেও আত্মবিশ্বাসটা তার প্রবল। কথায়-চোখে-মুখে আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। বিধাতা প্রদত্ত কণ্ঠের সঙ্গে এই আত্মবিশ্বাসটাই বুঝি ন্যান্সিকে এতদূর নিয়ে এসেছে। আজ
থেকেই টানা ৭ দিন ৭টি শোতে অংশ নিচ্ছেন ন্যান্সি। তবে হাবিব ওয়াহিদের সুর-সংগীতায়োজনে নিজের দ্বিতীয় এককটির কাজ এখন কিছু সময়ের জন্য বন্ধ রয়েছে বলে শোর শিডিউল এভাবে ফেলেছেন ন্যান্সি। ইতিমধ্যে নিজের একক অ্যালবামের ৬টি গানের কাজ সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে হাবিব ওয়াহিদ কিছু সময়ের জন্য বন্ধ রেখেছেন এর কাজ। অ্যালবামটি ভালবাসা দিবসেই প্রকাশের বিষয়ে অটল ন্যান্সি। অ্যালবাম শেষ করতে খুব বেশি সময় আর লাগবে না বলেও জানিয়েছেন তিনি। তবে অ্যালবামের কাজ বন্ধের সাময়িক এ সময়টাতে শো নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। আজ ডেমরার একটি শোতে সংগীত পরিবেশন করবেন ন্যান্সি। কাল থেকে টানা শো রয়েছে যথাক্রমে মাছরাঙা টেলিভিশন, কক্সবাজার, রূপগঞ্জ, শেরাটন হোটেল এবং ময়মনসিংহে। টানা এই ৭ শোর জন্য প্রস্তুতি বেশ জোরেশোরে নিলেও শেষ পর্যায়ে গলা ভালভাবেই বসে গেছে ন্যান্সির। এ প্রসঙ্গে কষ্টের হাসি হেসে ন্যান্সি বলেন, আসলে যখন শো থাকে না তখন দেখা যায় একদমই থাকে না। আবার যখন শুরু হয় একাধারে শুরু হয়। এবারও সেরকমটিই হয়েছে। তার মধ্যে হঠাৎ করেই ঠাণ্ডা লেগে গলা একদম বসে গেছে। অথচ আজ থেকেই টানা ৭টি শোতে অংশ নিচ্ছি। দেখা যাক কি হয়।

Post a Comment

0 Comments