দীর্ঘ ৭ বছর পর সম্মেলন হতে যাচ্ছে
বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে:
বান্দরবান শহর ও বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন আগামী ৪ নভেম্বর। প্রায় ৭ বছর পর এ দুটি শাখার সম্মেলনের তারিখ নির্ধারণের পর সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সম্মেলনের তারিখ ঘোষণার পর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন নেতা প্রার্থী হবার জন্য সাংগঠনিক পর্যায়ে লবিং ও তৎপরতা শুরু করেছে। অনেকেই তাদের যোগ্যতা কর্মী ও কাউন্সিলদের সামনে তুলে ধরার জন্য সাংগঠনিক কাজে বেশি করে সময় দিতে শুরু করেছে।
গত ৭ অক্টোবর সংগঠনের জেলা কার্যালয়ে এক মতবিনিময় সভায় উক্ত সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বীর বাহাদুর উশৈসিং। জেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুর রহমান রাশেদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান, জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি এসকে রাজ্জাক, সাবেক ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম প্রমূখ। এছাড়া উক্ত মতবিনিময় সভায় শহর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্যে বীর বাহাদুর এমপি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের নেতৃবৃন্দ মহান স্বাধীনতা যুদ্ধেও বিশেষ অবদান রেখেছে, দেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম এবং অন্যায়ের প্রতিবাদে ছাত্রলীগের কর্মীরা সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছে। এই ঐতিহ্য ছাত্রলীগের বর্তমান নেতাকর্মীদের ধরে রাখার আহ্বান জানান।
সভায় আগামী ৪ নভেম্বর বান্দরবান শহর ও বান্দরবান সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন করার তারিখ ঘোষণা করা হয়। সম্মেলন পরিচালনা ও মনিটরিং করার জন্য ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন- সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি লক্ষ্মীপদ দাস, সাবেক জেলা ছাত্রলীগের আহ্বায়ক চৌধুরী প্রকাশ বড়য়া, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি শামসুল ইসলাম এবং সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত বড়য়া।
এদিকে শহর ও কলেক ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সম্ভাব্য সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা সহকর্মীদের সাথে যোগাযোগ করে নিজেদের পক্ষে সমর্থন আদায়েল চেষ্টা অব্যাহত রাখছেন। শহর ছাত্রলীগের সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- কানু দাশ, এহসান, আশীষ কুমার সুশীল, শংকর বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পদে বাবু ও জসিমের নামই বেশি শোনা যাচ্ছে। অপরদিকে বান্দরবান সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি পদে শামসুল ইসলাম, জাহেদুল আলম ও আহসানুল আলম রুমু এবং সাধারণ সম্পাদক পদে আশীষ বড়য়া, জনি সুশীল ও হারুনুর রশিদের নাম বেশি শোনা যাচ্ছে। ইতিমধ্যে এসব নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান মজবুত করার জন্য নেতা-কর্মীদের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করতে দেখা গেছে।

0 Comments