মোহাম্মদ হোসেন হাটহাজারী:
হাটহাজারী থানা পুলিশ গতকাল হালদা নদীর উত্তর মেখল এলাকা থেকে রোজি আক্তার (২০) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে স্বামী স্ত্রী দুজনকে আটক করেছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয়, নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চিকনদন্ডী ইউনিয়নের ছড়ার কুল এলাকার আব্দুল মোনাফের কন্যা রোজি আক্তার একজন মানসিক রোগী। বিভিন্ন জনের কাছে শুনে তার পরিবার রোজিকে গত (৫ সেপ্টেম্বর) মেখল ইউনিয়নের রুহুল্লাপুর গ্রামের এক ঝাড়ফুকের বৈদ্য খদিজা বেগম (প্রকাশ খতিজা ফকিরের) বাড়িতে নিয়ে আসে। নিহতের মা ও বড় বোন পারভিন আক্তার এই ফকিরের বাড়িতে তাকে ফকিরের কথা মত রেখে তারা বাড়িতে চলে যায়। পরদিন এসে রোজিকে না পেয়ে তার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে ফকির সন্তোষ জনক জবাব দিতে পারেনি। ফকিরের কথা বার্তা সন্দেহজনক হলে রোজির বড় ভাই আব্দুল হালিম বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। কিন্তু পুলিশ এই ব্যাপারে অজ্ঞাত কারণে কোন তৎপরতা না দেখানোর অভিযোগ করেন নিহতের ভাই। গতকাল হালদা নদীতে লাশ দেখে এলাকাবাসী থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ অকুস্থলে উপস্থিত হয়ে লাশের সুরত হাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এই ঘটনায় জড়িত সন্দেহ পুলিশ ঝাড়ফুকের বৈদ্য খতিজা ফকির এবং তার স্বামী মোঃ আবু জাফর (৬৫), পীং- মৃত ছালেহ আহম্মদ, সাং- নাজির ফকিরের বাড়ী উত্তর মেখলকে গ্রেফতার করে। এই ব্যাপারে পুলিশ আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছে।

0 Comments