Advertisement

পেকুয়া ইউনিয়নবাসী হওয়ার অপরাধে......

শেখ মোহাম্মদ হানিফ॥
পেকুয়া ইউনিয়নবাসী হওয়ার অপরাধে এক দর্জিকে মারধর করেছে বারবাকিয়া ইউনিয়নের কিছু উচ্ছৃঙ্খল যুবক। গতকাল শুক্রবার বিকাল ৫টায় বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকায় এঘটনা ঘটে। আহতের নাম কফিল উদ্দিন (১৮)। সে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি এলাকার চরপাড়ার শাহ আলমের পুত্র। জানা যায়, গতকাল শুক্রবার বিকালে পেকুয়া ইউনিয়নের চর পাড়া ও বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালীর এলাকার ফুটবল খেলাকে কেন্দ্র করে বারবাকিয়া কমিউনিটি সেন্টার মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর বিকাল ৫টার দিকে টৈটং থেকে দর্জির কাজ শেষে বাড়ি ফেরার পথে কফিল উদ্দিনকে একা পেয়ে পাহাড়িয়াখালীর জাকারিয়া ও ওসমানের নেতৃত্বে ৭/৮জন যুবক লোহার রড ও হাতুড়ি দিয়ে আঘাত করে পা ভেঙ্গে দেয়। এসময় তার সাথে থাকা সেলাই মেশিনটি হাতুড়ি দিয়ে ভেঙ্গে চুর্ণবিচুর্ণ করে ফেলে দেয় ওই যুবকরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত কফিল উদ্দিন জানায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাটি আমি জানতাম না। অথচ আমার বাড়িটি পেকুয়া ইউনিয়নে হওয়ায় স্বশস্ত্র যুবকরা আমার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় তারা আমার সেলাই মেশিন ভেঙ্গে ফেলে এবং মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এবিষয়ে দর্জি কফিল উদ্দিন বাদি হয়ে মামলা করবেন বলে জানান।

Post a Comment

0 Comments