ঢাকা, ৬ সেপ্টেম্বর: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ব্যাপারে মন্তব্য করায় বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, খালেদাকে আইনের হাতে তুলে দেয়া উচিত।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৪৪তম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সুরঞ্জিত।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ঘুষ নিয়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রায় দিয়েছেন-খালেদা জিয়ার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কমিটি এই আহবান জানিয়েছে।
খালেদা জিয়ার বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত, হীনমন্য, উদ্দেশ্যমূলক, অশালীন ও অমার্জিত বলে বর্ণনা করে কমিটি।
কমিটির ভাষায়, অভিমত-বিচার বিভাগের মর্যাদা সমুন্নত ও সাংবিধানিক প্রক্রিয়া অক্ষুন্ন রাখার স্বার্থে বিচার বিভাগের প্রতি সম্মানহানিকর, ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রাখার জন্য খালেদা জিয়ার বক্তব্য প্রত্যাহার করা উচিত।
বৈঠকের পর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দুইবারের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা উগ্র ও অশালীন। আদালত অবমাননাকর এই বক্তব্য দিয়ে তিনি বিচার বিভাগকে হেয় করেছেন।
তিনি বলেন, ব্যক্তিগত বিক্ষোভ থেকে তার দেয়া বক্তব্য আইনের শাসনের ওপর আঘাত করেছে। বাড়ি রক্ষা করতে না পারা, ছেলেদের নামে মামলা হওয়ায় তিনি এই বক্তব্য দিয়েছেন।
কমিটির সভাপতি বলেন, প্রচলিত আইন অনুযায়ী বিরোধীদলীয় নেতার বক্তব্য অপরাধযোগ্য। আদালত অবমাননার দায়ে তাকে আইনের হাতে সোপর্দ করা যেতে পারে বলে কমিটি মনে করে।
সুরঞ্জিত বলেন, কমিটি মনে করে জাতির কাছে তার ক্ষমতা চাওয়া উচিত। নিঃশর্তভাবে যদি তিনি এই বক্তব্য প্রত্যাহার না করেন তবে তাকে আইনের হাতে তুলে দেয়া উচিত।
সুরঞ্জিত আরো বলেন, ওমরাহ থেকে ফিরে তিনি (খালেদা) যে বক্তব্য দিয়েছেন তা অনভিপ্রেত।
সুরঞ্জিত সেন গুপ্তের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. ফজলে রাববী মিয়া, মো. রহমত আলী, আবদুল মতিন খসরম্ন, খান টিপু সুলতান, মো. জিয়াউল হক মৃধা, মো. নুরুল ইসলাম সুজন ও শেখ ফজলে নূর তাপস বৈঠকে অংশ নেন।

0 Comments