Advertisement

হরতাল এক ঘণ্টা কমালো বিএনপি

২১ সেপ্টেম্বর, ঢাকা : বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতাল এক ঘণ্টা কমিয়ে বিকাল ৫টা পর্যন্ত করা হয়েছে। বুধবার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী সাংবাদিকদের একথা জানিয়েছেন। এদিকে হরতালের সমর্থনে বিকালে নয়াপল্টনে বিক্ষোভ করবে বিএনপি।

মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জ্বালানি তেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডাক দিয়েছে বিএনপি। বিএনপির অন্য দাবির মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি ও শেয়ারবাজারে অস্থিরতা রোধে পদক্ষেপ গ্রহণ এবং বিরোধী দলের নেতা-কর্মীদের মুক্তি দেয়া। একই দাবিতে জোট শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও ইসলামী ঐক্যজোটও একই দিনে হরতালের কর্মসূচি দিয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, হরতালের সমর্থনে বিকাল ৩টায় নয়াপল্টনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বিএনপি। এতে দলের কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা যোগ দেবেন।

উল্লেখ্য, আগামী ২৭ সেপ্টেম্বর পল্টনে জনসভা থেকে খালেদা জিয়ার সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার কথা থাকলেও মঙ্গলবার জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল ডাকে বিএনপি।
-পিটিবি নিউজ

Post a Comment

0 Comments