পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি কক্সবাজারের নয়াপাড়া ও কতুপালং ক্যাম্প থেকে অবশিষ্ট রোহিঙ্গা শরণার্থী দ্রুত ফিরিয়ে নেয়ার
জন্য মায়ানমারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশে মায়ানমারের রাষ্ট্রদূত মিন লুইন মঙ্লবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার মন্ত্রণালয়ে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।
দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী পারস্পারিক স্বার্থে এ সম্পর্ক আরো সম্প্রসারিত ও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ক্ষেত্রে তিনি দুদেশের মধ্যে সরাসরি বিমান, নৌ, সড়ক ও রেল সংযোগের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
দীপুমনি পররাষ্ট্রমন্ত্রণালয়, যৌথ ট্রেড কমিশন ও যৌথ বাউন্ডারি ওয়ার্কিং গ্রুপের চলমান দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন।
তিনি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার দ্বার উন্মোচনের জন্য দুদেশের মধ্যে বৃহত্তর ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের প্রস্তাব দেন।
তিনি ওষুধ, তৈরি পোষাক, পাট ও পাটজাতসহ বাংলাদেশী পণ্য মায়ানমারে আমদানি করতে দেশটির রাষ্ট্রদূতের মাধ্যমে সে দেশের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান। তিনি মায়ানমার থেকে উদ্বৃত্ত বিদ্যুৎ ও গ্যাস আমদানি করতে বাংলাদেশের আগ্রহের কথাও উল্লেখ করেন।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব ও সদিচ্ছার ভিত্তিতে বিদ্যমান সমস্যা সমাধানে বাংলাদেশের বর্তমান সরকারের আন্তরিক প্রয়াসের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী দুদেশের জনগণের সার্বিক কল্যাণে এই সদিচ্ছা ও আন্তরিকতার সুফল গ্রহণে এগিয়ে আসার জন্য মায়ানমারের নতুন সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় মায়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও বক্তব্যের প্রশংসা করেন। তিনি বলেন, তার দেশের সরকার বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে বিদ্যমান সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমঝোতার সমাধানে আগ্রহী।
সূত্র : বাসস

0 Comments