শাহেদ ইমরান মিজান,মহেশখালী:
সংস্কারের অভাবে নড়বড়ে হয়ে পড়েছে ককসবাজার-মহেশখালী নৌ-পথের প্রধান জেটি ককসবাজার কস্তুরাঘাট জেটি। নড়বড়ে হওয়ায় ঈদে ঘরমুখী মানুষসহ সব যাত্রীরা চরম ঝুঁকি নিয়ে এ জেটি পারাপার করছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়ছে মহিলা, শিশু, বিদেশী পর্যটকরা। এ জেটি ককসবাজার-মহেশখালী-কুতুবদিয়ার নৌ-পথের প্রধান রুট হওয়ায় ঈদে ঘরমুখী মানুষসহ যাত্রী চলাচল বৃদ্ধি পাওয়ায় যেকোন সময় মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।
জেটি থেকে ইজারাদার প্রতিদিন বিপুল অঙ্কের টোল আদায় করলেও জেটি সংস্কারে নেই যথাযথ তদারকি। কোন রকম জোড়াতালি দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের কার্যক্রম। প্রতিদিন হাতুড়ি হাতে কিছু লোককে জেটিতে ঠুংঠাং করতে দেখা যায়। যাত্রীরা ইজারাদারের কাছে একাধিক বার অভিযোগ করলেও এর কোন সুরাহা হচ্ছেনা। উল্টো ইজারাদার যাত্রীদের শাঁসিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল জেটি দিয়ে পারাপার করতে গিয়ে দেখা গেছে দীর্ঘ এ জেটির অনেক স্থানে বিছানো কাঠ পচে গিয়ে ঝরে পড়ে অসংখ্য ফুটোর সৃষ্টি হয়েছে । এবং অধিকাংশ কাঠ মেয়াদোতীর্ণ হয়ে ঝরে পড়ার পথে।
জেটির ভারসাম্য রক্ষার খূুঁটিগুলো জরাজীর্ণ হওয়ায় যাত্রী চলাচলে দোলনার মত ঝুলতে থাকে পুরো জেটি। জেটি দিয়ে প্রতিদিন প্রশাসনের বিভিন্ন কর্তা ব্যক্তিরা চলাচল করলেও তাদের নজরে আসছেনা এ জেটির মরণাপন্ন দৃশ্য। প্রশাসনের তদারকি না থাকায় দিনের পর দিন মুনাফা লোভী ইজারাদাররা জেটি সংস্কার না করে বিপুল অঙ্কের টোল আদায় করে যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি আকর্ষণ করেছেন যাত্রী সাধারণ।

0 Comments