Advertisement

শহরের নুনিয়াছড়ায় রাস্তা ভেঙ্গে নদীতে পরিণত : ১০ হাজার মানুষের দুর্ভোগ

মুবারাক উদ্দিন নয়ন
শহরের উত্তর নুনিয়াছড়াস্থ পানির কুপ এলাকায় রাস্তা ভেঙ্গে নদীতে পরিণত হয়েছে। ফলে ১০ হাজারের বেশি মানুষ চরম কষ্টে রয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধি পরপর তিনবার মেরামত করেও তা ধরে রাখতে পারছেন না। তারপরও সরকারী কোন উদ্যোগ না ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
শনিবার সরেজমিন ওই এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় একশ হাতের একটি ভাঙ্গন। জুলাই মাসের প্রবল বর্ষণ ও পূর্ণিমার জোয়ারের পানিতে রাস্তা ভেঙ্গে এ ভাঙ্গনের সৃষ্টি হয়। ভংঘুর স্থানে একটি কালভার্ট। রাস্তার দু’পাশে একটি খাল। ফলে ওই রাস্তা ভেঙ্গে পুরোটাই নদীতে পরিণত হয়েছে। এরপর থেকে প্রতিনিয়ত জোয়ার-ভাটা হচ্ছে ওই এলাকায়। ফলে রান্না করতে না পেরে উপোস রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলিমরা।
এলাকাবাসী জানিয়েছেন, রাস্তা ভেঙ্গে যাওয়ার পর কয়েকদিন নৌকা নিয়ে চলাচল করলেও এখন গ্রামবাসীর চাঁদায় একটি বাঁশের সাঁকো তৈরি করা হয়। আর সাঁকোটিও এখন ভাঙ্গনের পথে। জনগণ এতো কষ্টে থাকার পরও প্রশাসন কিংবা পৌর কর্তৃপক্ষ রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছেনা বলে স্থানীয়রা অভিযোগ করেন।
স্থানীয় স্কুল ছাত্রী পপি আকতার জানায়, ভাঙ্গা রাস্তা পানিতে ডুবে গেলে বাঁশের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তখন আর স্কুলে যাওয়া সম্ভব হয়না।
ব্যবসায়ী শামসুল আলম টিটু জানান, এখানকার শতকরা ৯০ জন মানুষ মৎস্য ব্যবসায় জড়িত। এই ভাঙ্গা রাস্তা দিয়ে ব্যবসায়ীদের মালামাল নিয়ে যাতায়াত করা সম্ভব হচ্ছেনা। তিনি রাস্তার সংস্কারের দাবী জানান।
এদিকে পৌরসভার নব-নির্বাচিত ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান জানান, জুলাই মাসের বন্যায় ক্ষতিগ্রস্থদের চিড়া-মুড়ি দেওয়ার জন্য পৌরসভা ৩০ হাজার টাকা দিয়েছিলেন। তিনি এলাকাবাসীর সম্মতিক্রমে ওই টাকাসহ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা খরচ করে তিনি পরপর তিনবার ক্ষতিগ্রস্থ ওই রাস্তার মেরামত করেন। তারপরও পুর্ণিমা-অমাবস্যার জোয়ারের পাশাপাশি প্রবল বর্ষণে তা বারবার ভেঙ্গে যায়। এখন ক্ষতিগ্রস্থ ওই রাস্তা দিয়ে জোয়ার-ভাটা অব্যাহত রয়েছে। ফলে পুরো এলাকা জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
তিনি আরো জানান, এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে বারবার অনুরোধ করেন। তবে সরকার তাদেরকে এখনো শপথ না দেওয়ায় জনপ্রতিনিধি হলেও তাদের কথায় কেউ গুরুত্ব দিচ্ছেনা। তিনি সরকারের প্রতিনিধি পৌরসভার নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্রুত শপথ দিয়ে জনসাধারণের উন্নয়নের কাজ করার সুযোগ দেওয়ার দাবী জানান।

Post a Comment

0 Comments