মাতামুহুরী নদীর চকরিয়ায় লক্ষ্যারচর ও কৈয়ারবিল ইউনিয়ন এলাকায় ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। চলতি বর্ষা মৌসুমে বহু ঘর-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মূখে পড়েছে জাতীয় গ্রিডের ৩৩ হাজার কেভির ভোল্টের বিদ্যূতের একটি টাওয়ার, কয়েকটি মসজিদ মাদ্রাসা, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিদিন ভাঙ্গনের কবলে পড়ে বহু ফসলি জমি নদীতে তলিয়ে যাচ্ছে। টাওয়ারটি ভেঙ্গে গেলে সমগ্র জেলায় বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। নদী ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবীতে আজ লক্ষ্যারচর হাজী পাড়ায় নদীর পাড়ে এলাকাবাসী মানববন্ধন করেছে।
এলাকাবাসী জানান, চলতি মৌসুমে লক্ষ্যারচর ইউনিয়নের জালিয়াপাড়া, মন্ডলপাড়া, রুস্তম আলী চৌধুরী পাড়া ও হাজী পাড়ায় বহু ফসলি জমি, ঘর-বাড়ি নদীতে ইতোমধ্যে বিলীন হয়ে গেছে। অব্যাহত ভাঙ্গনের কারণে নদীর উত্তর পাশের ৩৩ হাজার ভোল্টের বিদ্যূতের একটি টাওয়ারের নিচের মাটি সরে গেছে। ওই এলাকায় প্রায় ৪ হাজার বসত বাড়ি, কয়েকটি মসজিদ মাদ্রাসা, স্কুল একটি কলেজ, ব্রীজ ও ছিকলঘাট-কৈয়ারবিল সড়ক চরম হুমকির মূখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা এম ওবাইদুর রহমান চৌধুরী জানান, নদী ভাঙ্গনের কবল থেকে এলাকাবাসীকে রক্ষা করতে মাতামুহুরী ব্রীজের পূর্ব পাশে খূইল্যা মিয়ার বাড়ি থেকে হাজী পাড়া পর্যন্ত ৫শ মিটার এলাকায় প্রতিরক্ষামূলক সিসি ব্লক বসানোর জন্য একটি প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়। ২০০৭ সালের ৬ জুলাই কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিতভাবে আবেদনও করা হয়। এতে ২০০৮ সালের ৩০ ডিসেম্বর কক্সবাজার পাউবোর নির্বাহী প্রকৌশলী সরেজমিন তদন্ত করে ওই এলাকায় পাঁচশ মিটার অংশে প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ চেয়ে চট্্রগ্রাম তত্বাবধায়ক প্রকৌশলীর কাছে একটি প্রস্তাব পাঠান। কিন্তু ৪ বছর পরও প্রতিরক্ষামূলক কাজ শুরু না হওয়ায় নদীর অব্যাহত ভাঙ্গনে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়া চলতি বর্ষা মৌসুমে নদী ভাঙ্গনের আতংকে দিন কাটাচ্ছে কৈয়ারবিল ও লক্ষ্যারচর ইউনিয়নের প্রায় ৮০ হাজার জনগণ। এ অবস্থায় ভাঙ্গন ঠেকানো না গেলে ৩৩ হাজার কেভির বিদ্যূতের টাওয়ারটি যে কোন মুহুর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এলাকাবাসী গতকালের মনববন্ধন থেকে অবিলম্বে নদী ভাঙ্গন ঠেকাতে ওই এলাকায় প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

0 Comments